দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২৫
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে আজ মঙ্গলবার বিক্ষোভকারীদের ঠেকাতে ১৫ হাজার পুলিশ সদস্যের শক্তিশালী ফোর্স মোতায়েন করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে বিক্ষোভ চলছে।
বাংলাদেশ হাইকমিশন থেকে প্রায় ৮০০ মিটার দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে সক্ষম হয়েছে পুলিশ। হাইকমিশনে বিক্ষোভকারীদের ঢোকার চেষ্টা ব্যর্থ করতে সরকারি কিছু বাস বাধা হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
কয়েকজন বিক্ষোভকারীকে ব্যারিকেড ভেঙে কূটনৈতিক প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যেতে দেখা গেছে। বিক্ষোভকারীরা কমপক্ষে দুটি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার ও প্ল্যাকার্ড ধরে দূতাবাসে স্লোগান দিতেও দেখা গেছে।
বিক্ষোভের খবরে নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এলাকাটি ৩ স্তরের ব্যারিকেডিং দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এছাড়া ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সৈন্য মোতায়েন করা হয়েছে।
আজ সকাল ১০টায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। সূত্র: এনডিটিভি
























