নৌকার ভোটাররা হতাশ হবেন না, ধানের শীষ পাশে আছে: মির্জা ফখরুল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫
নৌকার ভোটারদের হতাশ হতে নিষেধ করে ধানের শীষ তাদের পাশে আছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁওয়ের বদেশ্বর এলাকায় মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, “নৌকার যে কাণ্ডারি, সে এখন ভারতে চলে গেছে। তাই নৌকায় যারা ভোট দিতেন, তারা এখন অসহায়। তবে আমি বলতে চাই, আপনারা হতাশ হবেন না।”
তিনি আরও বলেন, “ধানের শীষ আপনাদের পাশে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।”
মির্জা ফখরুল বলেন, “প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নির্বাচন নিয়ে জামায়াতের সঙ্গে আমাদের মতবিরোধ চলছে। আমরা বিশ্বাস করি, বর্তমান সরকারই উদ্যোগী হয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজন করবে।”
সভায় সভাপতিত্ব করেন বিএনপির রুহিয়া থানা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার। এ সময় আরও বক্তব্য দেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ অনেকে।























