পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৩১
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৬, ২০২৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের তারলাই এলাকার খাদিজা-তুল কুবরা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ও ১৬৯ জন আহত হয়েছে।
স্থানীয় প্রশাসন আশঙ্কা প্রকাশ করেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্ফোরণে মসজিদের কয়েকটি দেয়াল ধসে গেছে।
হামলার পরপরই ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা যায়, অনেক নিথর দেহ মসজিদের মেঝের কার্পেটের ওপর পড়ে আছে। আহত মুসুল্লিরা সাহায্যের জন্য আর্তনাদ করছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে বলেন, “এটা প্রমানিত যে, হামলায় জড়িত সন্ত্রাসীরা আফগানিস্তানে যাতায়াত করেছে। ভারত ও আফগানিস্তানের যোগসাজস শিগগিরই প্রকাশ পাবে।”
স্থানীয় জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ১ হাজার ২ শতাধিক পুলিশ ও উদ্ধার কর্মী গেছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে আরও অনেক স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিস কর্মী।
বিস্ফোরণ এমন সময় ঘটল যখন দু’দিনের সফরে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ ইসলামাবাদে আছেন।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেন, “বিস্ফোরণের মোটিভ এখনও শনাক্ত করা যায়নি। এমনকি এটি কোনো আত্মঘাতি বোমা বা পরিকল্পিত কোনো বোমা হামলা ছিল কি না, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর জন্য ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করবে।”
জেলা প্রশাসনের মুখপাত্র জানান, বোমা বিস্ফোরণের জায়গাটি পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স, সিডিএ হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। সূত্র: দ্য ডন























