‘বাংলাদেশ গড়তে হলে পরিবারতন্ত্র ভাঙতে হবে’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৩, ২০২৬

বাংলাদেশ গড়তে হলে পরিবারতন্ত্র ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজারসংলগ্ন সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের ১১-দলীয় নির্বাচনী জোটের প্রার্থী সারজিস আলমের নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

সজীব ভূঁইয়া বলেন, “বাংলাদেশ গড়তে হলে পরিবারতন্ত্র ভাঙতে হবে। আমরা দেখেছি, ৫৪ বছর এই দেশে শুধু কমিশনারের ছেলে কমিশনার হয়, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, এমপি-মন্ত্রীর ছেলে এমপি-মন্ত্রী হয়, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হয়।”

তিনি আরও বলেন, “আমরা চাই, আগামীর বাংলাদেশে একজন কৃষকের ছেলে, একজন মুদি দোকানদারের ছেলে, একজন রিকশাওয়ালার ছেলেও এমপি হবে।”

সজীব ভূঁইয়া বলেন, “এবার ফজরের নামাজের পরে কেন্দ্রে উপস্থিত থেকে আপনার ভোট তো নিশ্চিত করবেনই, আপনার পাড়া-প্রতিবেশী, আপনার কেন্দ্রের সকল ভোটারের ভোট নিশ্চিত করে ফিরে আসতে হবে।”

তিনি আরও বলেন, “১১-দলীয় জোটের সব নেতা-কর্মীর ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত বিজয় ছাড়া ফিরে আসা যাবে না। আপনাদের মনে রাখতে হবে, এক দিনের পরিশ্রম আপনাদের ৫ বছরের শান্তির কারণ হতে পারে।”

একই জনসভায় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “নিজের বিবেককে কাঠগড়ায় দাঁড় করিয়ে ভাবতে হবে, ন্যায়ের পক্ষে যাবেন নাকি অন্যায়ের পক্ষে।”