বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুন ২৫, ২০২৬
চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বিকেল পৌনে ৬টায়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়া উপস্থিত ছিলেন: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে উষ্ণ লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তিয়েনআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপল এবং এর আশপাশের এলাকা দুই দেশের জাতীয় পতাকায় সুসজ্জিত করা হয়।
আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
এছাড়া তারেক রহমান শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
























