বেনজীর একসময় সরকার চালাতেন: চিফ প্রসিকিউটর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১৫, ২০২৬

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ একসময় সরকার চালাতেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, “বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড নন, তিনি একসময় সরকার চালাতেন। কোনো কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন। এই পরিচিতির কারণ হলো তার হেন দুষ্কর্ম নেই, যেটা তিনি নিজের কর্মজীবনে করেননি।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের শেষ সময়ে তাদেরই কোনো অভ্যন্তরীণ কোন্দলে তার এসব কুকীর্তি প্রকাশ করে দেন। গণমাধ্যমের মাধ্যমে বেনজীরের সবকিছু দেখেছিল এ জাতি। এ কারণে তার বিরুদ্ধে তখনই মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন।”

আমিনুল ইসলাম বলেন, “বেনজীরের বিরুদ্ধে আমাদের প্রায় ১০টির মতো মামলার তদন্ত চলছে। প্রত্যেকটি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। এর মধ্যে যখন র‌্যাবের প্রধান ছিলেন, তখন গুমের ঘটনায় হওয়া একটি মামলার বিচার চলছে। তিনি শাপলা চত্বরের অন্যতম কুশীলব ছিলেন।”

তিনি আরও বলেন, “তিনি দায়িত্বে থাকাকালীন অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া প্রত্যেকটি নির্বাচনে বেনজীরের বিতর্কিত ভূমিকা ছিল। অবৈধ নির্বাচন করার অন্যতম কারিগর ছিলেন তিনি।”

চিফ প্রসিকিউটর বলেন, “এ দেশের গণতন্ত্র নস্যাৎ করতে হাজারও মানুষকে বিনা বিচারে হত্যা করাসহ অসংখ্য দায় রয়েছে। অতএব তার বিচারের ব্যাপারে আমরা সর্বোচ্চ নজর দেব।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার ও মার্জিনা রহমানসহ অন্যান্য প্রসিকিউটররা।