বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় বিএনপি নেতা ফারুক আহমেদ ওরফে লাল ফারুককে পুলিশ গ্রেফতার করেছে। আজ সোমবার দুপুরে আশুগঞ্জ বাজারে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ফারুক আহমেদ আশুগঞ্জ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদের অনুসারী হিসেবে কাজ করছেন।
আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম বলেন, “লাল ফারুক বিএনপি করেন বলে কোনো সার্টিফিকেট নেই। বরং বিগত আমলে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিয়েছেন তিনি। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”
ওসি আরও বলেন, “ফারুক আহমেদকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ দাবি করেন, “ফারুক আহমেদ বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। তিনি কখনও দলের বাইরে ছিলেন না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পানি পান করিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “ফারুক আহমেদ কিছু বিএনপি নেতার অবৈধ বালু ব্যবসা ও মামলাবাজির বিরুদ্ধে কথা বলায় একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি দলীয় গ্রুপিংয়ের শিকার। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পক্ষের একজন কর্মীকে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার করা হাস্যকর।”
মামলার বাদী এনসিপি নেত্রী জয়ন্তী বিশ্বাস বলেন, “আমার দায়ের করা মামলায় ফারুক আহমেদ নামের কাউকে আসামি করা হয়নি।”























