‘ভারতের মুসলিমদের বড় অংশ অনিরাপদ, কোণঠাসা ও অপমানিত’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ২৯, ২০২৬
ভারতের মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ নিজেদের অনিরাপদ, কোণঠাসা ও অপমানিত বোধ করছে বলে মন্তব্য করেছেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও বিশ্বের প্রভাবশালী আলিম মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী। বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মাহমুদ মাদানী বলেন, “মুসলিমদের এই নিরাপত্তাহীনতা কোনো একটি নির্দিষ্ট ঘটনার ফল নয়; বরং এটি দীর্ঘদিনের প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং শাসনব্যবস্থার সামগ্রিক পরিবর্তনের প্রতিফলন। ভারতের মতো বিশাল দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু উদ্বেগের বিষয় হলো, যখন কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পক্ষপাতমূলক হয়।”
তিনি আরও বলেন, “যাদের কাজ অন্যায় ঠেকানো এবং ন্যায়বিচার নিশ্চিত করা, তারাই আজ চোখ বুজে আছে। আন্তর্জাতিক মহলেও এই ধারণা প্রবল হচ্ছে যে, ভারতে মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আসামের কথিত অবৈধ অভিবাসী ইস্যু বিষয়টিকে ধর্মীয় চশমা দিয়ে দেখা উচিত নয়। ধর্ম নির্বিশেষে যেকোনো বিদেশি নাগরিক যদি বৈধ নথিপত্র ছাড়া ভারতে থাকে, তবে তাকে থাকার অনুমতি দেওয়া উচিত নয়।”
এনআরসি প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে মাহমুদ মাদানী আক্ষেপ করে বলেন, “অনেক ক্ষেত্রে বৈধ নাগরিকদেরও ‘বাংলাদেশি’ বলে সম্বোধন করা হচ্ছে। এমনকি আসামের মুখ্যমন্ত্রী আমাকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা বলেন। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে, রাস্তায় কোনো ধর্মীয় কর্মকাণ্ড চলবে না, তবে সেই নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। এটি যেন একতরফা না হয়।”
উল্লেখ্য, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।
মাওলানা মাহমুদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানীর দৌহিত্র ও সাইয়্যেদ আসআদ মাদানীর ছেলে। তার বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টা ও সৃজনশীল কর্মপন্থায় ভারতীয় মুসলমানরা এক অভিন্ন প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে।
মাহমুদ মাদানির রাজনৈতিক দূরদর্শিতা ভারতের সর্বমহলে স্বীকৃত। আন্তঃধর্মীয় সম্প্রীতি, মত পথ ভুলে এক কাতারে সবাইকে নিয়ে চলার মানসিকতা ও উদ্যোগ তাকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়।























