মঙ্গলবার থেকে দেশজুড়ে বাড়বে শীতের দাপট
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ১১, ২০২৬
মঙ্গলবার থেকে দেশজুড়ে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “বর্তমানে যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দুই দিনও দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহের এমন দাপট অব্যাহত থাকতে পারে।”
আবুল কালাম মল্লিক আরও বলেন, “আজ ও সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।”
তিনি বলেন, “এর মধ্যে আজ ও সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও পরদিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।”
মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা কমে যেতে পারে। একই সঙ্গে বুধ ও বৃহস্পতিবার দিনের তাপমাত্রা আরও সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে এসব দিনে আবহাওয়া শুষ্ক থাকবে এবং কুয়াশার প্রবণতা বজায় থাকতে পারে।
শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। একই সময়ে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ৫ দিনে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
























