মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণে ৫ শিক্ষার্থী আহত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৬

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় আজ শনিবার সকালে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে হঠাৎ ওই মাদ্রাসার সঙ্গে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে করে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনাসহ (৯) পাঁচ শিক্ষার্থী আহত হয়।

ইমন সরদার বলেন, “আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, আমি জানি না।”

মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, “মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।”

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, “মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে তদন্ত চলছে।”