মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ০৬, ২০২৫
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আজ শনিবার বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক হুমায়ূন কবীর। স্থানীয় সময় আজ দুপুর ১২টায় এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
এ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সেজন্য যা যা করা দরকার তা করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সরকারকে বলা হয়েছে, সম্ভাব্য উত্তেজনা থামাতে ও শান্তি বজায় রাখতে যা যা করা দরকার, সবই করতে হবে।
প্রেক্ষাপটে প্রশাসন নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণভাবে সতর্ক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন, যে কোনো অশান্তি রোধে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার বলেন, “সিআইএসএফের ১৯টি কোম্পানি এরই মধ্যে এই অঞ্চলে উপস্থিত রয়েছে।”
কর্মকর্তাদের মতে, শুক্রবার সন্ধ্যা থেকে র্যাফের ইউনিটসহ ৩৫০০ জনের একটি দল রেজিনগর এবং আশেপাশের অঞ্চলে মোতায়েন রয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কের সুরক্ষার জন্য বিএসএফের দুটি কোম্পানি প্রস্তুত রাখা হয়েছে।
বিধায়ক হুমায়ূন কবীর বলেন, “মূল ইভেন্টটি দুপুর ১২টায় শুরু হবে। দুই ঘণ্টা কোরআন পাঠ করা হবে। অনুষ্ঠানে কোনো বক্তৃতা থাকবে না, কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকবে না, কোনো দলীয় পতাকা থাকবে না, কোনো রাজনৈতিক বাগাড়ম্বর থাকবে না। আমি ২ হাজার স্বেচ্ছাসেবকদের সাথে উপস্থিত থাকব।”
হুমায়ূন কবীর বর্তমানে মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। বাবরি মসজিদ নির্মাণের এই ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এরই মধ্যে তাকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। বহিষ্কারের খবরে ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন তিনি।























