যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার ঘোষণা ইরানের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১৮, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইজরায়েলকে চূড়ান্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এ উদ্দেশ্যে এরই মধ্যে তারা পালটা হামলা শুরু করেছে।
ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহত হওয়ার পর তারা এ হুমকি দেয়। সেনাপ্রধান আমির হাতামি বলেন, “এই হত্যাকাণ্ডের জবাব চূড়ান্তভাবে দেওয়া হবে।”
বিবৃতিতে আমির হাতামি বলেন, “উপযুক্ত সময় ও স্থানে অপরাধী যুক্তরাষ্ট্র এবং রক্তপিপাসু জায়নিস্ট শাসনের বিরুদ্ধে এমন জবাব দেওয়া হবে, যা হবে সিদ্ধান্তমূলক, প্রতিরোধমূলক ও অনুতাপ সৃষ্টিকারী। আলী লারিজানি এবং অন্যান্য শহিদদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে।”
সেনাবাহিনী থেকে আলাদা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা এরই মধ্যে ইজরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এর আগে ইজরায়েল জানায়, তারা এক হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করেছে এবং দেশটির নেতাদের খুঁজে বের করা অব্যাহত রাখবে।
ইরানের ওপর ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে দেশটির অনেক শীর্ষ নেতা নিহত হয়েছে। ইরানের ওপর মার্কিন-ইজরায়েলি হামলার প্রথম দিনের পর ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণা দেওয়া হয়।
প্রথম দফার হামলায় আরও নিহত হন: নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ, বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আবদুল রাহিম মুসাভি। সূত্র: বিবিসি ও এএফপি























