যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন চলতি সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

প্রায় ২০ বছরের মধ্যে তিনিই প্রথম লেবাননের রাষ্ট্রপ্রধান, যিনি হোয়াইট হাউজ সফর করছেন। মঙ্গলবারের এই বৈঠকে আউন ও ট্রাম্পের প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে।

বৈঠকে আউন একটি পরিকল্পনা উপস্থাপন করবেন। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করার উপায় এবং দক্ষিণ লেবানন থেকে ইজরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে।

বর্তমানে লেবাননের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইজরায়েলি বাহিনী এখনও দেশটির দক্ষিণাঞ্চলের কিছু এলাকা দখল করে রয়েছে। পাশাপাশি ইজরায়েলি হামলায় বাস্তুচ্যুত হওয়া লাখো লেবানিজ এখনও বাড়িতে ফিরতে পারেনি।

হিজবুল্লাহ সরকার ও ইজরায়েলের মধ্যে সরাসরি আলোচনার বিরোধিতা করছে। একই সঙ্গে সংগঠনটি তাদের অস্ত্র জমা দেওয়ার সরকারি উদ্যোগও প্রত্যাখ্যান করেছে।

গত সপ্তাহে প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে জোসেফ আউন বলেন, “ট্রাম্পকে অনুরোধ করব, যেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৬ জুন হওয়া লেবানন-ইজরায়েল সমঝোতা বাস্তবায়নে ইজরায়েলের ওপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করা হয়।” সূত্র: রয়টার্স