রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৭ ডিগ্রি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ০৬, ২০২৬

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘রাজশাহীতে রেকর্ড হওয়া ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এ শীত মৌসুমের সর্বনিম্ন। তিন থেকে চার দিন তাপমাত্রা ওঠানামা করতে পারে।’

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবারের চেয়ে আজ একদিনেই ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। ফলে রাজশাহীতে চলতি মৌসুমে সর্বনিম্ন তারমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, সোমবার রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তবে আজ সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া আজ ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে: রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা।

চলতি মাসের শুরুতে আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছিল, এ মাসে অন্তত ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি হতে পারে তীব্র।