রাতে সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ১১, ২০২৬
আজ বুধবার রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে রওনা দিয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে দলীয় প্রার্থীদের ওপর হামলা, নেতা-কর্মীদের গ্রেফতার এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে তারা কমিশনের কাছে যাবেন।
বিশেষ করে আজ দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা সিইসিকে অবহিত করতেই এই জরুরি বৈঠক।
প্রতিনিধি দলে নজরুল ইসলাম খান ছাড়াও থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও দলের গুরুত্বপূর্ণ নেতারা।
নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠকে তারা নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জোর দাবি জানাবেন।























