রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ভোট দিলেন প্রধানমন্ত্রী
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২০, ২০২৬
আজ বৃহস্পতিবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। ৩৪৯ সংসদ সদস্য এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাসের অসুস্থতার জন্য এই ভোটে অংশ নিতে পারছেন না।
সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ হওয়ায় সংখ্যার সমীকরণে মির্জা ফখরুলের জয় কার্যত নিশ্চিত। তবে একাধিক প্রার্থী থাকায় আইন অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও ভোট দিতে পারবেন। অন্যদিকে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদের ভোট দেওয়ার সুযোগ নেই।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পরপরই সংসদ কক্ষে ভোট গণনা শুরু হবে।
গণনা শেষে সেখানেই ফল ঘোষণা করবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
























