লেবাননে হামলায় হামাসের ১৩ যোদ্ধা নিহত, দাবি ইজরায়েলের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২২, ২০২৫

দক্ষিণ লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে চালানো হামলায় হামাসের ১৩ সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সেনাবাহিনী। তবে লেবানন কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করলেও তাদের পরিচয় প্রকাশ করেনি।

 

লেবানন কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার আইন আল-হেলওয়ে শিবিরে চালানো হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়।

 

ইজরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে চালানো সুনির্দিষ্ট হামলায় হামাসের ১৩ যোদ্ধাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন জাওয়াদ সিদাওয়ি, যিনি লেবানন থেকে ইজরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনার প্রশিক্ষণে জড়িত ছিলেন।

 

বাকি ১২ জনের পরিচয় জানার জন্য বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলেও তাতে সাড়া দেয়নি ইজরায়েলি সেনাবাহিনী।

 

সেনাবাহিনী জানায়, তারা লেবাননে হামাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। হামাস সন্ত্রাসীরা যেখানে থাকবে, সেখানেই অভিযান চলবে।

 

বৃহস্পতিবার হামাস বিবৃতিতে ১৩ জনের ছবি প্রকাশ করে এই হামলাকে ভয়াবহ গণহত্যা বলে দাবি করেছে। সেইসঙ্গে জানিয়েছে, নিহতরা নিরীহ বেসামরিক নাগরিক ছিল।

 

মঙ্গলবার হামাস জানায়, লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে তাদের কোনো সামরিক ঘাঁটি নেই। ইজরায়েলের এসব দাবি মিথ্যা।

 

ইজরায়েলি বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে। হামাস বলছে, লক্ষ্যবস্তু ছিল একটি খোলা মাঠ, যেখানে শিবিরের তরুণরা খেলাধুলা করত এবং হামলার সময় সেখানে কয়েকজন কিশোর খেলছিল। সূত্র: আরব নিউজ