শিশুসাহিত্যিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের আজ মৃত্যুদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ০৩, ২০২৫
শিশুসাহিত্যিক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের আজ মৃত্যুদিন। ১৯৯৯ সালের ৩ ডিসেম্বর তিনি মারা যান। ১৯২৫ সালের ৯ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। দাদাভাই নামেই তিনি পরিচিত ছিলেন।
১৯৪৮ সালে আবুল মনসুর আহমদ সম্পাদিত ইত্তেহাদ পত্রিকার `মিতালী মজলিস` নামের শিশু বিভাগের দায়িত্ব লাভের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এরপর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে শিশু সওগাত পত্রিকায় দায়িত্ব পালন করেন।
১৯৫২ সালে দৈনিক মিল্লাতের কিশোর দুনিয়ার শিশু বিভাগের পরিচালক ছিলেন। ১৯৫৫ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তরুণ সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২ এপ্রিল শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক নিযুক্ত হন এবং আসর পরিচালকের নামকরণ করা হয় দাদাভাই। সেই থেকে তিনি নতুন পরিচয় পান দাদাভাই।
তার পরিচিতিতেই ছোটদের উপযোগী করে লিখতেন, সুফিয়া কামাল, আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দিন, শওকত ওসমান, আহসান হাবীব, ফয়েজ আহমেদ, হোসনে আরা, নাসির আলী, হাবীবুর রহমানসহ বিখ্যাত অনেক লেখক।
১৯৫৬ সালে বাংলাদেশের সবচেয়ে বড় শিশু-কিশোর সংগঠন কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন রোকনুজ্জামান খান। বিখ্যাত অনেক ব্যক্তি এর সদস্য ছিলেন - সুলতানা কামাল, হাশেম খান, মাহবুব তালুকদার, কৌতুক অভিনেতা রবিউল প্রমুখ।
দৈনিক ইত্তেফাকের শিশু-কিশোরদের উপযোগী কচিকাঁচার আসর বিভাগের পরিচালক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। তার লেখা বইগুলো হচ্ছে, হাট্টিমাটিম টিম, খোকন খোকন ডাক পাড়ি, আজব হলেও গুজব নয় প্রভৃতি। এছাড়া সম্পাদনা করেন, আমার প্রথম লেখা, ঝিকিমিকি, বার্ষিক কচি ও কাঁচা, ছোটদের আবৃত্তি ইত্যাদি বই।
শিশু সংগঠনে অসামান্য অবদান রাখায় রোকনুজ্জামান খান ২০০০ সালে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন।























