সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ২৭, ২০২৫

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের আজ জন্মদিন। ১৯৩৫ সালের ২৭ ডিসেম্ব কুড়িগ্রামে তার জন্ম। ৮ ভাই-বোনের মধ্যে বড় ছিলেন সৈয়দ হক।

দীর্ঘ সাহিত্যজীবনে তিনি মেধার স্বাক্ষর রেখেছেন কবিতা, গল্প, উপন্যাস ও নাটকসহ শিল্প-সাহিত্যের নানা অঙ্গনে। বাঙালি মধ্যবিত্ত সমাজের আবেগ-অনুভূতি খুব সহজ কথা ও ছন্দে উঠে এসেছে তার রচনায়।

১৯৫১ সালে `অগত্যা` নামের ম্যাগাজিনে তার প্রথম প্রকাশিত লেখাটি ছিল একটি গল্প। এরপর তার প্রতিভার স্বাক্ষর রাখেন সাহিত্যের নানা ক্ষেত্রে। ১৯৬৬ সালে পান বাংলা একাডেমি পুরস্কার।

তার লেখকজীবন প্রায় ৬২ বছরব্যাপী বিস্তৃত। এই বিশাল সময় ধরে সৈয়দ হক নিজ মেধা, মনন ও সৃজনীশক্তির মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হন।

নিজেকে প্রতিষ্ঠিত করেন সাহিত্যের তুলনাহীন অবস্থানে। তার অমর সৃষ্টির মধ্যে নাটক নুরুলদীনের সারাজীবন এবং পায়ের আওয়াজ পাওয়া যায়, ছোট গল্প রক্ত গল্প, কবিতা এক আশ্চর্য সঙ্গমের স্মৃতি এবং উপন্যাস রাজার সুন্দরী উল্লেখযোগ্য।

শিল্পক্ষেত্রে সৈয়দ শামসুল হকের অবদান শুধু নাটকেই সীমাবদ্ধ নয়, তিনি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন, এমনকি চলচ্চিত্রের জন্য গানও রচনা করেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার রচিত `হায়রে মানুষ, রঙ্গিন ফানুস` গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ৮২ বছর বয়সে তিনি মারা যান।