হংকংয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ৯৪

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ২৮, ২০২৫

হংকংয়ে একটি আবাসিক ভবনে আগুন লেগে দমকলকর্মীসহ ৯৪ জন নিহত ও কয়েকজন গুরুতর আহত হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় ২৭৯ জন।

 

হংকংয়ের শীর্ষ নেতা জন লি সংবাদ সম্মেলনে বলেন, “তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের ৮টি ভবনের মধ্যে ৭টির আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। নিভে যাওয়া ভবনগুলোতে চলছে তল্লাশি। হতাহতের সংখ্যা বাড়তে পারে।”

 

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার ভোরে ২৭৯ জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ব্যক্তিদের বা ধ্বংসপ্রাপ্ত ভবনের ভেতরে এখনও কতজন আছে, সে সম্পর্কে কর্তৃপক্ষ কোনো আপডেট দেয়নি।”

 

জন লি বলেন, “ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জরুরি আবাসনের জন্য ৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে শত শত মানুষ আশ্রয় নিয়েছে। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র খোলার প্রস্তুতি রয়েছে।”

 

প্রাথমিক তদন্ত অনুযায়ী, প্রতিটি তলায় লিফটের জানালাগুলো খুব সহজে জ্বলে উঠতে পারে এমন দাহ্য বস্তু দিয়ে ঢাকা ছিল। যে কারণে ব্লকগুলোর ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনের বাইরে সংস্কার কাজের জন্য ঘিরে রাখা জাল ও বাঁশের মাচাও আগুন দ্রুত বিস্তারলাভের অন্যতম কারণ।

 

এ ঘটনায় সংস্কারে সম্পৃক্ত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তাদের অফিসে অভিযান চালিয়ে দরপত্রের নথি, কর্মচারীদের তালিকা, ১৪টি কম্পিউটার এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় সরকার ৩৮ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠন করার কথা জানিয়েছে। গৃহহারাদের জন্য খোলা আশ্রয়কেন্দ্রের পাশে হংকংবাসী সহায়তা কার্যক্রম শুরু করেছে, যেখানে পোশাক, কম্বল, জুতা, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হচ্ছে।

 

উল্লেখ্য, ৭৭ বছরে হংকংয়ে এটি সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা। এর আগে ১৯৪৮ সালে একটি গুদামে লাগা আগুনে ১৭৬ জন মারা গিয়েছিল। সূত্র: রয়টার্স