অমিতাভ পালের গুচ্ছকবিতা

প্রকাশিত : এপ্রিল ১০, ২০১৯

গুপ্তধন

রুপার টাকার মতো বৃষ্টি পড়ছে আমাদের ছাদে
আকাশটা যেন একটা বিরাট টাকশাল
আর শীতে শুকিয়ে যাওয়া দরিদ্র পৃথিবীটা
দু্ই চোখে দেখছে পেট ভরে ভাত খাওয়ার স্বপ্ন

এবার আর্দ্র মাটিতে হাতির শুড়ের মতো শিকড় ডুবিয়ে
জল খাবে পিপাসার্ত গাছ
তাদের পাতাগুলি হৃষ্টপুষ্ট শিশুর মতো সবুজ হবে
আর পৃথিবীর যাবতীয় জীবজন্তু পোকামাকড়ের দল
করবে ভোজ উৎসব

রুপার টাকার মতো বৃষ্টি পড়ছে আমাদের ছাদে
গুপ্তধনের খোঁজ পেয়ে গেছে মাটির মদিরা

স্বধার্মিক

এনজয় এনজয়
আনন্দ আর বেদনার সাথে উপগত হও
আনন্দ, কেননা এক অপার্থিব স্বাদ পাচ্ছ তুমি
আর বেদনা, এটা শেষ হয়ে যাবে
তাই নিবেদিত হও
তোমার চিন্তাশক্তি দিয়ে তৈরি করো সঙ্গীর শরীর
তারপর স্বপ্ন আর কল্পনা মিশিয়ে দাও তাতে
এবং নিজেও মিশে যাও
তোমার সঙ্গীকেও বলো তার সব দরজা আর জানালা খুলে দিতে
দেখবে পৃথিবী দয়ার্দ্র আর ঊর্বর হয়ে উঠেছে
বাতাস ব্যাজন করছে নাতিশীতোষ্ণতা
এখন চারদিকে শুধু সুখ

এনজয় এনজয়
চেয়ে দেখো তোমার শূন্য সাদা পাতায়
কবিতার জন্ম হচ্ছে

কালবৈশাখী

ঝড়টা থামতেই চাইছিল না
দমকা বাতাসের মিছিল একবার এপাশ থেকে
আরেকবার ওপাশ থেকে ছুটে আসছিল
সাথে বৃষ্টির স্লোগান— আমি ছাউনির ব্যারাকে
গুটিয়ে আশ্রয় নিয়েও শেষপর্যন্ত
ভিজে মিইয়ে গিয়ে মাথা নিচু করে বাসায় ফিরলাম
রাতে বোধহয় জ্বর আসবে
অনভ্যাসের ফোঁটাতো— কপাল চড়চড় করেই

ঝড়টা থামতেই চাইছিল না
জনতার আন্দোলনের মতো
একবার মুক্তি পেলেই ছুটতে থাকে অবিরাম

ক্ষমতার ছাতা আর রেইনকোট
আজ একেবারে তছনছ হয়ে গেল

ঘরোয়া রেস্টুরেন্ট

আমার মোবাইল ফোনটা বেশ ভালো চাকর
আমার সব নির্দেশ মেনে কাজ গুছিয়ে
সে হাজির হয় আলো ঝলমল মুখে
তার কোনো ক্লান্তি নাই
শুধু কয়েকটা টাকার টকটাইম আর জিবি দিলেই সে খুশি

আমার কম্পিউটারটাও এইরকমই প্রভুভক্ত
আমার লাইট ফ্যান আমার গ্যাসের চুলা— সবাই
আমি একদল প্রচণ্ড পরিশ্রমী কর্মীর ঘাড়ে চড়ে
ডায়াবেটিস ও কোলেস্টেরল ভরা ভোগবিলাসে
আমার সম্রাটজীবন কাটাচ্ছি

আমার বউ তারপরও কাজের লোক নাই বলে
সারাদিন চ্যাঁচামেচি করে

দৌলতদিয়া

দিন দিন একটা পতিতার মতো সাজছে আমাদের ঢাকা শহর
আপনাকে শুধু একটা ভাঙাচোরা রাস্তা পেরিয়ে
ঢুকতে হবে এই গোলকধাঁধায়
তারপর আপনি কি চান— দয়া করে মুখ ফুটে বলুন
আমরা আপনার সেবায় দাঁড়িয়ে আছি
নিষ্ঠাবান রোবটের মতো

দিন-দিন একটা পতিতার মতো সাজছে আমাদের ঢাকা শহর
মুখে লিপস্টিক রুজ
পায়ের গোড়ালি ফাটা