মুজতবা আহমেদ মুরশেদের গুচ্ছকবিতা

প্রকাশিত : মার্চ ২১, ২০২৬

যদি

শিশিরেরা কোনো দিন
ঘাসের ডগা থেকে
যদি একসাথে জমে,
কোনো দিন সব কিছু
সময়ের প্রহরে এঁকে
দেয় জলের ক্যানভাসে।

সেই দিন যদি অবশেষে
দীর্ঘ লাইনের প্রান্ত ঘেঁষে
অতিশয় সাধারণ আমাকে
যদি আলিঙ্গন করে
একসাথে, যদি করে!

তখন কী বলে দেব
অসুম্পূর্ণ এ নগরীর
হাতছানি এক সাদামাটা
জীবনের বিপন্নতায় ডাকে!

রোদের এপিটাফ

মনে হয় রোদ হয়ে গেছি
একমুঠো গাছেদের
পাতার ছায়ার সাথে
মনে হয় শুধু রোদ
হয়ে খোলামেলা, খেলি।

মনে হয় গাছের ডাল ঘেঁষে
জানালায় রোদ হয়ে আছি।
বইয়ের পাতা থেকে
তোমার মুখে আঁকা
রোদের খুনসুটি,  দেখি।

মনে হয় জল দিয়ে
বানানো চোখে
কোমল ক্লান্ত  হাতে
তোমাকে বুঝি।

এই তো, একরকম

ভালোটা রাখতে গিয়ে
ভুলটাই রেখে দিলাম
যত্নে, গোপনে, গহিনে।

যতবার ভালো খুঁজি
ততবার পকেট বিলাসে
গাছের আড়ালে ছায়ায়
উঠোনের পুব কোণে
ফণীমনসা ঝোপে
গৃহস্থালি পাতিলের খোপে
ওয়ারড্রবে সুগন্ধি বোতলে
রূপান্তরিত ভুল মুঠোভরে
চলে আসে অনায়াসে।

ভালোটা আর ভুলটা
গলাগলি বারেবারে!

তুমি কোনটার সাথে,
কোনটায় তুমি আছ,
সবিস্ময়ে! জানিয়ে দিয়ো
একদিন, কোনো কালে।