আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত নুরুল হক নুর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৫

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও দলের আহ্বায়ক নুরুল হক নুর।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায় নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হয় গণঅধিকার পরিষদের নেতারা। তখন আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এর আগে সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এক দফা সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আইনশৃঙ্খলাবাহিনীর ধাওয়া খেয়ে গণপরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয় আল রাজী কমপ্লেক্সের দিকে চলে যায়। এ সময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আলরাজী টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা।

গণঅধিকার পরিষদের কর্মীরা জানান, নুরের মাথা ফেটে গেছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিকটস্থ কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

জানা গেছে, নুরের শারীরিক অবস্থা গুরুতর। তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। শুক্রবার রাত পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “নুরুল হক নুর বর্তমানে ঢামেকের পুরাতন ভবনে আইসিইউতে চিকিৎসাধীন। তাকে অক্সিজেনের মাধ্যমে রাখা হয়েছে। ওনার শারীরিক অবস্থা গুরুতর। আঘাতের কারণে ওনার চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া চোখে রক্তজমাট আছে।”

তিনি আরও বলেন, “হাসপাতালের নিউরো সার্জারি ও নাক-কান-গলা বিভাগ, আইসিইউ বিভাগের প্রধানসহ আরও কয়েকটি বিভাগের সিনিয়র চিকিৎসকদের একটি বোর্ড রাতেই নূরের চিকিৎসার বিষয়ে বিশ্লেষণ করেছেন। শনিবার সকালে নুরের আরেকটি সিটি স্ক্যান করে দেখা হবে মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থা বেড়েছে না কমেছে।”