আবু তাহের সরফরাজের যুক্ত বর্ণের ছড়া
প্রকাশিত : এপ্রিল ০৮, ২০১৯
ক্+ক = ক্ক
অক্কা পেল টেক্কা মিয়া ছক্কা মেরে মক্কায়
হুক্কা খেতে গিয়েছিল এক্কাগাড়ি টপকায়।
খবর নিয়ে ফিরল দেশে টেক্কা মিয়ার মক্কেল
শুনল যারা বলল সবাই, ছিঃ ছিঃ কী আক্কেল!
ক্+ট = ক্ট
অক্টোবরে ডক্টর
কিনল চাষের ট্রাক্টর
মাঠ পেরিয়ে অক্টোপাস
দাঁত খিঁচিয়ে খাচ্ছে ঘাস।
ক্+ত = ক্ত
রক্ত দেখে ভক্তবাবু হয়ে গেলেন শক্ত
অক্ত বুঝে নামাজ পড়ে প্রভুর অনুরক্ত।
ক্+ষ = ক্ষ
ক্ষীর খেয়ে ক্ষেতে যায় ক্ষুর হাতে পালোয়ান
যেতে যেতে হেঁকে বলে, কেউ তোরা আলো আন।
ক্ষীণ আলো হাতে নিয়ে ছুটে আসে চাষিভাই
আর ভাবে, এইবার বুঝি তার ক্ষমা নাই।
ক্+স = ক্স
কক্সবাজারে ঘুরতে গিয়ে
মুচকি হেসে বলল টিয়ে,
ফক্স সাহেবের তিনটে ছানা
বাক্স খুলে ধরতে মানা
নেই বুঝি তোর খেয়াল?
ফক্স মানে তো শেয়াল।
গ্+ধ = গ্ধ
চাঁদ কী যে স্নিগ্ধ!
দেখে হই মুগ্ধ।
ঙ্+ক = ঙ্ক
সঙ্কোচ কোরে কোঁচ হাতে ছোটে পাগল
শঙ্কায় লঙ্কায় বেচে আসি ছাগল।
অঙ্কের সংখ্যায় টাকা পাই দুইশো
রেগেমেগে বউ কয়, এইবার তুই শো।
ঙ্+খ = ঙ্খ
পঙ্খি ওড়ে আকাশে
মেঘের ছায়া ফ্যাকাশে
শঙ্খ বাজে মন্দিরে
মানুষ কেন বন্দি রে!
পাঙ্খা হাতে বাতাস খা
এসব কথা ভুলে যা।
ঙ্+গ = ঙ্গ
বঙ্গের অঙ্গে ভঙ্গুর ভঙ্গি
সঙ্গীর রঙ্গে হাসছেন জঙ্গি।
ঙ্+ঘ = ঙ্ঘ
সঙ্ঘের অঙ্গন
কোরো না লঙ্ঘন।
চ্+চ = চ্চ
চলচ্চিত্রে সচ্চরিত্র লোকটি চচ্চরি খেতে ভালোবাসে।
জ্+ঞ = জ্ঞ
অজ্ঞ মানুষ রইল ঘরে
বিজ্ঞ গেলেন চীন।
জ্ঞানের খোঁজে অবজ্ঞা নাই
বিজ্ঞানে বিলীন।
আজ্ঞা দিলেন বিশ্বনবি
আর থেকো না অজ্ঞান
এই পৃথিবী মস্ত খোলা
একটা বইয়ের সব জ্ঞান।
জ্+ঝ = জ্ঝ
শনশন হাওয়া বয়
এলো কুজ্ঝটিকা
তড়বড় উঠে পড়
দেখবি তো নাটিকা।
ঞ্+চ = ঞ্চ
চঞ্চল চঞ্চু মনিকাঞ্চন
মঞ্চের বেঞ্চে ভুরু কুঞ্চন
সঞ্চয় করে রাখ পঞ্চাশ কঞ্চি
পঞ্চম শ্রেণি পড়ে আমাদের কাঞ্চি।
ঞ+ছ = ঞ্ছ
বাঞ্ছিত বাঞ্ছিতা
দুই বোন পড়ে গীতা
লাঞ্ছনা পেলে কাঁদে
লাঞ্ছিত এই রাতে।
একটাই বাঞ্ছা
খাবারের খাঞ্চা।
ঞ+জ = ঞ্জ
গঞ্জ থেকে রঞ্জনা নিয়ে এলো গেঞ্জি
তাই দেখে গঞ্জনা করলেন সেনজি।
ঘিঞ্জি ঘরটায় এত কেন জঞ্জাল?
ঝাড়পোছ করে রাখ, আসবেন গঞ্জাল।
ঞ+ঝ = ঞ্ঝ
ঝঞ্ঝা বায়ু বয়
ছায়াবীথি পেল ভয়।
ঝঞ্ঝায় ঝঞ্ঝাট
উড়ো মেঘ দ্যাও ঝাঁট।
ট্+ট = ট্ট
টাট্টু ঘোড়ার চাট্টি পা
চট্টগ্রামে যাচ্ছে তা
ছোট্ট খোকা খাচ্ছে ডিম
ঠাট্টা করে নামছে হিম।
ণ্+ঠ = ণ্ঠ
খুলে অবগুণ্ঠন
করো তাকে লুণ্ঠন।
হলে উৎকণ্ঠা
বসো ছয় ঘণ্টা।
হাতে নিলে লণ্ঠন
বেজে ওঠে ঠনঠন।
বলো জোর কণ্ঠে
ছায়াবীথি কোনটে?
ণ্+ড = ণ্ড
ডাণ্ডা হাতে গুণ্ডা এসে চাইল খেতে মণ্ডা
ভাণ্ড খুলে ভণ্ডবাবা খেতে দিলেন আণ্ডা।
কাণ্ড দেখে ঠাণ্ডা জলে নাইতে গেলাম পুকুরে
গায়ের কাপড় মুখে তুলে দৌড়ে পালায় কুকুরে।
ত্+ত = ত্ত
দত্ত বাড়ির কুত্তা এলে
দিসনে মোটে পাত্তা
মত্ত সে খুব দুপুর রোদে
দেখলে কাঁপে সত্তা।
গোত্তা খাওয়া রঙিন ঘুড়ি
তৈরি পাতা পত্তরে
দেখতে যদি চাও তবে যাও
উত্তরে ওই চত্বরে।
ত্+থ = ত্থ
উত্থিত করে কাঁথা
উত্থান করো মাথা।
দ্+ধ = দ্ধ
শুদ্ধ কথা রুদ্ধ হলে
বৃদ্ধ লোকের বুদ্ধি খোলে।
দ্+ভ = দ্ভ
অদ্ভুত সদ্ভাব দুজনের মধ্যে
উদ্ভট কথা নয়, দেখে আসো যুদ্ধে।
মাটি ফুঁড়ে উদ্ভিদ হয় উদ্ভব
সূর্যের উদ্ভাসে আলোকিত সব।
ন্+ত = ন্ত
প্রান্তর পেরিয়ে ওই গন্তব্য
অন্তর শোনে না কারো মন্তব্য।
যন্তর মন্তর পোকা কেন দন্তে?
সন্তান গেছে ওই সাগরের অন্তে।
ন্+থ = ন্থ
মন্থন করে মন পান্থশালায়
মন্থর দুটি পায়ে পান্থ পালায়।
গ্রন্থিক গ্রন্থনা করে দ্যাখো গ্রন্থ
জানলার ওইপাশে আঁকাবাঁকা পন্থ।
ন্+দ = ন্দ
আনন্দ তুই বন্দি কেন অন্দরে?
ছন্দ তোলে ঘূর্ণি হাওয়া বন্দরে।
সুন্দরী এক কন্যা এলো মন্দিরে
মন্দ মানুষ করছে কেন ফন্দি রে?
ন্+ধ = ন্ধ
বন্ধ ঘরে অন্ধকার
সন্ধে হলো বুঝি
অন্ধ খুকি বন্ধ করে
জানলা চুপিচুপি।
গন্ধ পেল গোলাপের
হয়নি সময় আলাপের।
প্+স = প্স
ইপ্সিত লিপ্সা
বসে খায় পিৎজা।
এসে বলে লিপ্সু,
আর নেই কিচ্ছু?
প্+ত = প্ত
সুপ্ত আপ্ত সাপ্তাহিক সপ্তাহ কোপ্তা
প্+ট = প্ট
কথা তার একটাই সোজাসাপ্টা
খেতে চাই টপাটপ পাটিসাপ্টা।
ওড়ে হেলিকপ্টার
বাদ এই চ্যাপ্টার।
ব+দ = ব্দ
শব্দ শুনে শতাব্দির
দৌড়ে এলো মুক্তাদির।
জব্দ হলো অব্দ সাল
দেখতে এসো কিন্তু কাল।
ব্+ধ = ব্ধ
চারপাশ করো যদি উপলব্ধি
লব্ধধন পাবে, আর তা বুদ্ধি।
ব্+জ = ব্জ
সব্জির বাগানে
কব্জার টাকা নে।
ন্যুব্জ কব্জি
তোলে শাকসব্জি।
ম্+প = ম্প
বেশি হলে সম্পদ
কম্পন করে পদ।
হলে ভূমিকম্প
ভাঙে সম্পর্ক।
ম্+ফ = ম্ফ
হঠাৎ যদি হয় রে ভূমিকম্প
বাইরে করো লম্ফ এবং ঝম্ফ।
ম্+ভ = ম্ভ
দাম্ভিব দম্ভ করে তাই গম্ভীর
মুখ করে ছুটে আসে শম্ভুর কুম্ভীর।
কুম্ভকর্ণ
যুক্তবর্ণ।
ল্+ক = ল্ক
বল্কল খুলে চল দেখে আসি উল্কা
আবগারি শুল্ক দিয়ে পেট চুলকা।
খিকখিক হাসছিস দেখে এই ভেল্কি?
খোকা গেছে নানাবাড়ি, ফিরবে কাল কি?
ল্+গ = ল্গ
বল্গা খুলে ছুটছে ঘোড়া
বাইরে যেন যাসনে তোরা
পাগলা ঘোড়া ক্ষেপেছে
তার পিঠে কে চেপেছে?
ল্+ট = ল্ট
উল্টাপাল্টা
ছোটটো খালটা
ধানক্ষেত পেরিয়ে
খোকা এলো বেড়িয়ে।
ল্+প = ল্প
বিকল্প খুব অল্প
করছে বসে গল্প
শিল্পকলা খাচ্ছে কলা
শুনছে খুবই স্বল্প।
কল্পনা তার সঙ্গে
আল্পনা এই বঙ্গে।
শ্+চ = শ্চ
পশ্চাতে পড়ে আছে নিশ্চল ছায়া
নিশ্চয় আছে তার একখানি কায়া।
ষ্+ক = ষ্ক
শুষ্ক দিনে পরিষ্কার
আকাশ করো আবিষ্কার।
জ্যোতিষ্ক ওই আকাশে
নিষ্ক্রিয় নয়, ফ্যাকাশে।
ষ্+ণ = ষ্ণ
কৃষ্ণ এলো উষ্ণ রোদে
কৃষ্ণা দিল জল
তৃষ্ণামুখে কৃষ্ণ হাসে
দেখবি তো আয়, চল।
ষ্+ট = ষ্ট
মিষ্টিমুখে কেষ্ট এলো
দৃষ্টি দিল ছড়িয়ে
বৃষ্টি এলে ক্লিষ্টমুখে
রইল দু’পা মুড়িয়ে।
জিগেশ করি, কী হলো রে
ফেল মেরেছিস অষ্টমে?
কষ্ট করে পড়বি আবার
স্রষ্টা আছেন সপ্তমে।
ষ্+ঠ = ষ্ঠ
হেসে ওঠে ওষ্ঠ
সৌষ্ঠব শ্রেষ্ঠ।
জ্যেষ্ঠ প্রকোষ্ঠ জ্যৈষ্ঠ
ষ্+প = ষ্প
নিষ্পাপ চায় মাপ
হয়ে নিষ্পেষিত
নিষ্প্রয়োজন তার
বাঁচা খুব বেশি তো।
নিষ্প্রভ নিষ্প্রাণ
দুখিজনে করো ত্রাণ।
ষ্+ফ = ষ্ফ
নিষ্ফল এই ফল নয় মোটে মিষ্টি
ছায়াবীথি গায় গীতি নেমে এলে বিষ্টি।
স্+প =স্প
সম্প্রীতি নেই যার সেই অস্পৃশ্য
প্রীতিলতা তার হাত করে স্পর্শ।
স্+ত = স্ত
কাস্তে হাতে ভাস্তে গেল আস্তে-ধীরে মাঠে
আস্ত গরুর গোস্ত নিয়ে আমি গেলাম হাটে।
দোস্ত এসে দোস্তি সুলভ করল খুবই মাস্তি
এসব খেলে দাস্ত হবে, যাত্রা হবে নাস্তি।
স্+থ = স্থ
স্বাস্থ্য হলো সকল মূল
সুস্থ দেহে হুলুস্থুল।
আস্থা যে নেই পিস্তলে
যাও যদি হে স্থলে।
হ+ঋ = হৃ
হৃদপিণ্ডে হৃদয় কাঁপে
হৃদকমলে হৃদি
হৃদয় বলে গোপন কথা
হৃদির বুকে নদী।
দুই কূলে দুই হৃদয় দোলে
মাঝখানে কেউ ভীত
এই জগতের ক্ষতির ভেতর
হচ্ছে ব্যবহৃত।
কবির অনুমতি ছাড়া এই ছড়া বাণিজ্যিক উদ্দেশ্যে কোথাও ব্যবহার করা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।























