ইজরায়েলি বাহিনীর হামলায় একদিনে গাজায় নিহত ৭৫
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৫, ২০২৫
ইজরায়েলি বাহিনীর হামলায় একদিনে গাজায় ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা সিটিতেই নিহত হয়েছে ৪৪ জন।
ইজরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা সিটির পাড়া-মহল্লা। আতঙ্কে পালাচ্ছে মানুষ। কিন্তু গাজার কোথাও নিরাপদ আশ্রয় নেই। টানা ২৩ মাস ধরে চলছে এ নির্মম হামলা।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এরই মধ্যে গাজা সিটিকে আতঙ্কের নগরী আখ্যা দিয়েছে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়, যাদের মধ্যে শিশু রয়েছে।
হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, ক্ষতিগ্রস্ত তাঁবুগুলোর সামনে ফিলিস্তিনিরা ভাঙাচোরা মালামাল গুছিয়ে নিচ্ছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে রক্তে ভেজা একটি গোলাপি রঙের স্যান্ডেলও মেলে।
ইসরা আল-বাসুস এএফপিকে বলেন, “আমি ও আমার সন্তানরা তাঁবুতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বোমা পড়ল, শরীরে টুকরো এসে লাগল, আমার ৪ সন্তান আতঙ্কে চিৎকার শুরু করল।”
সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “গাজা সিটির জেইতুন, সাবরা, তুফাহ, নাসর ও শুজাইয়া এলাকায় ভয়াবহ বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। তুফাহ পাড়ায় অন্তত আটজন নিহত ও বহু আহত হয়েছে।” সূত্র: আল জাজিরা























