ইজরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত ৯১

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৫

ইজরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরা।

এছাড়া উত্তর গাজা থেকে পালিয়ে যাওয়া একটি ট্রাকে থাকা চারজন নিহত হয়। শনিবার ইজরায়েলি সেনারা গাজা সিটি দখলের লক্ষ্যে বিমান ও স্থল অভিযান চালায়। শহরের বাসিন্দাদের দক্ষিণে নির্দিষ্ট এলাকায় জোরপূর্বক সরে যেতে তারা বাধ্য করে।

ইজরায়েলি বাহিনী আবাসিক ভবন, আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া স্কুল, বাস্তুচ্যুতদের তাঁবু এবং শহর ছেড়ে যাওয়া লোকজনকে বহনকারী যানবাহনে বোমা মেরে ধ্বংস করে। এসব হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে।

শনিবার ভোরে আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তার ভাই, ভাবি ও তাদের সন্তানরা নিহত হয়।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আবু সালমিয়া বলেন, “আমি আমার ভাই ও ভাবির মরদেহ দেখে স্তব্ধ ও ভেঙে পড়েছি। এখন কিছুই অসম্ভব নয়। যে কোনো সময় আপনাকে আপনার সবচেয়ে প্রিয়জনের মরদেহ বা আহতদের গ্রহণ করতে হতে পারে।”

হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি চিকিৎসকদের শহর ছেড়ে যেতে বাধ্য করার জন্য ইজরায়েলের ‌রক্তাক্ত সন্ত্রাসী বার্তা। সূত্র: আল জাজিরা