ইসরাইলে হামলা বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ৩০, ২০২৫
ইজরাযেলি কর্তৃপক্ষের কথিত হত্যাচেষ্টার দাবির জবাবে ইজরায়েলে ইয়েমেনি হামলা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। একই সঙ্গে, শেষ পর্যন্ত গাজায় গণহত্যা বন্ধ করতে তেলআবিবকে বাধ্য করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ আব্দুলকরিম আল-গামারি শুক্রবার দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবা-কে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “গাজায় কিংবা ইয়েমেনের প্রতি জায়নিস্ট আগ্রাসন শক্তির নিদর্শন নয়; বরং এটি প্রায় দুই বছর ধরে লক্ষ্য পূরণে ব্যর্থতার প্রতিফলন। এর জবাবে প্রতিরোধ আরও তীব্র হবে।”
ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রধানের এই হুঁশিয়ারি এমন সময়ে এলো যখন কয়েকদিন আগে ইজরায়েলি গণমাধ্যম দাবি করে, তেলআবিবের বিমান হামলায় ইয়েমেনের কয়েকজন কর্মকর্তাকে সম্ভবত ‘হত্যা’ করা হয়েছে, যার মধ্যে গামারি ও প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতিফিও রয়েছেন। বিমান হামলাটি ইয়েমেনের রাজধানী সানায় চালানো হয়।
এর আগে জুন মাসেও ইজরায়েলি হামলার লক্ষ্যবস্তু হয়েছিলেন গামারি। এসব হামলার নিন্দা জানিয়ে মোহাম্মদ আব্দুলকরিম আল-গামারি বলেন, “জায়নিস্ট শত্রু সানার বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এর দায় এড়ানো যাবে না। এটি ইয়েমেনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নির্মূল করার সুপরিকল্পিত অপচেষ্টা।”
ইজরায়েল গত বছর থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। যখন হুথি নিয়ন্ত্রিত সানার সামরিক বাহিনী গাজার সঙ্গে সংহতি জানিয়ে একের পর এক হামলা চালাতে থাকে। গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরু হওয়ার এক বছর পর থেকেই এই হামলা পালটা হামলা শুরু হয়।
ইজরায়েল এরপর উপকূলীয় এ অঞ্চলটিতে খাদ্য সরবরাহ কার্যত অবরুদ্ধ করলে ইয়েমেনি বাহিনী নিজেদের হামলার মাত্রা আরও বাড়িয়ে দেয়।
এদিকে, গাজায় ইজরায়লের ভয়াবহ আগ্রাসন চলছেই। অবরুদ্ধ উপত্যকায় হামলায় একদিনে প্রাণ হারিয়েছে ৫৯ জন। আহত হয়েছে ২৪৪। এ নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা ৬৩ হাজার ছাড়াল।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রধান পুনরায় দৃঢ় সংকল্প প্রকাশ করে বলেন, “গাজাকে সমর্থন দেওয়া থেকে ইয়েমেন কোনোভাবেই পিছিয়ে যাবে না। লক্ষ্যবস্তু হওয়া বা ত্যাগ স্বীকার যাই হোক না কেন।” সূত্র: মেহের নিউজ























