এহসান হাবীবের একগুচ্ছ কবিতা
প্রকাশিত : মে ২৯, ২০১৯
দেখা হোক
অনাবশ্যক কোনো তাড়া নেই দেখা হওয়ার
তবু মনে হয়, দেখা হলে ভালো হতো
কতদিন আমাদের দেখা হয় না।
টেলিফোনের দুই প্রান্তে মুখোমুখি বসে অনেক গল্পই হয়তো করা যায়
তবু চোখের দাবি বাকি থাকে, চোখেরও পিপাসা জাগে।
ঘুমে, স্বপ্নে আমাদের দেখা হয়, হোক।
তবু একবার মুখোমুখি দেখা হোক?
তস্করের ভয়ে অনেকদিন সন্ধ্যায় আমরা হাঁটি না
নগরে বৃষ্টি নেমে এলে আমরা শুধু টেলিফোনে কথা বলে সময় পার করি
আমাদের উৎসুক ঠোঁটের উপর বসে থাকে একজোড়া জুতো
শক্ত, পালিশ করা জুতোর উপর উর্দি ছড়িয়ে থাকে।
দুপুরের রোদে আমাদের আর দেখা হয় না
আমাদের সন্ত্রস্ত করে রাখে সময়,
হাতুড়ি হেলমেট
সাইরেন
মধ্যরাতের কালো গাড়ি।
তবু আমাদের দেখা হোক।
বসন্ত চলে যাচ্ছে
আসছে বর্ষায়
অনেক সন্ধ্যায়
গমগমে দুপুরে
তুমুল জনারণ্যে
মানুষের মুষ্টিবদ্ধ হাতের ভিড়ে
একবার আমাদের দেখা হোক।
তারা দূরে বসে কাঁদে
কারা যেন দূরে বসে কাঁদে, গান গায়
দূরাগত কান্নার ধ্বনি তরঙ্গায়িত হয়ে আছড়ে পড়ে
এই নোনা দরিযার পাড়ে, মাঝরাতে।
প্রেতহাসির মতো কারা হাসে? খিলখিল। এই কান্নার গমকের ভেতর?
তাদের কান্নার ভেতর তাদের হাসির ভেতর
অদ্ভুত ক্যামোফ্লজে ঝুলে থাকা মানুষেরা কী করে?
যেন একটি বাদুড়, শুধু ক্ষীপ্রতায় শূন্যে ঝুলে থাকে।
তাদের কেউ কেউ মাঝরাতে নিজেকে হারিয়ে ফেলে
শুধু খুন হয়ে যায়। কারো কারো মাথার ভেতর, খুলির ভেতর গুলি চলে
তারপর অদ্ভুত নীরবতা নেমে আসে। নীরবতার সিথানে বসে কেউ কেউ গান গায়।
কেউ কেউ গুম হয়ে যায়। তবু তারা দূরে বসে কাঁদে। মানুষের অপর প্রান্তে।
মরে যাবার আগে
ভেঙে যাবার আগে অনেকবার মচকে যেতে চেয়েছি
রাতের নিঃসীম অন্ধকার আকাশের দিকে তাকিয়ে অনেক ভেবেছি আমি
কতবার রিহার্সেল দিয়েছি
কিভাবে জানু পেতে বসবো তার সামনে
তার রক্তচক্ষুর নিচে কিভাবে লুটায়ে দেব নিজেকে।
মরে যাবার আগে অনেকবার পালাতে চেয়েছি আমি
যেন এই বোবা বধির মৃত্যু উপত্যকার আমি কেউ না
ভাবতে চেয়েছি এখানে সবুজ নেই, নেই নীলিমার উড়াউড়ি।
গুম হওয়ার আগে কল্পনায় অজস্রবার তোমার ফ্যাসিস্ট গালে চুমু খেতে চেয়েছি
অক্ষম আর্তনাদে নিজেরে দিয়েছি প্রবোধ
নুলো ভিখিরির মতো কুঁজো হয়ে ভেবেছি, `তবুও তো বেঁচে থাকবো।’
কথা বলবার আগে কত কত রাত আমি প্রার্থনায় নম্র থেকেছি
একটি বোবা প্রার্থনা, হে ইশ্বর, আমার ভাষা কেড়ে নাও প্লিজ।
অসংখ্য দিন ও রাত্রির মাঝে আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে থেকেছি
বাইরের আলো থেকে নিজেকে সরিয়ে রেখেছি
চিৎকার ও শীৎকারের মাঝে আমি ঘুমিয়ে থাকতে চেয়েছি
শুধু নিজেকে একা একা বাঁচিয়ে রাখার লোভে।
ভেঙে যাবার আগে
মরে যাবার আগে
গুম হওয়ার আগে
কতবার মচকে যেতে চেয়েছি, পালিয়ে যেতে চেয়েছি
চেয়েছি তোমার উদ্যত লাল জিহ্বায় চুমু খেতে।
কিন্তু তারপর? তুমি আমাকে পরিত্রাণ দেবে তো?























