কাজল শাহনেওয়াজের ২ কবিতা
প্রকাশিত : ডিসেম্বর ১২, ২০১৮
পশুপালনের দিন
আমারতো ছিলো না পাহাড়ে চড়ার বিদ্যা
তখন আমি নৌকা বাইতে পারতাম
নিজের জন্য একটি খাল খনন করতে করতে
দিন যেতো
আমি বৈঠা তুলে মাঝে মাঝে গান গাইতাম
কয়লা দিয়ে ভুতের ছবি এঁকে বশীকরণ চর্চা করতাম
রাতের বেলা পথে নামতাম পরির পাখা কুড়াতে।
একদিন আমি উটের পিঠে চড়তে শিখবো বলে ঠিক করি।
উটের জন্য চাই মরুভূমি যেমন গরুর গাড়ির জন্য হারিকেন।
পড়শির বাড়িতে নাই বাবলার গাছ।
হরিণ পালতে দেখি কেওড়া গাছের প্রয়োজন।
কুমিরের জন্য দরকার চোখের পানি।
তিলে ঘুঘুর জন্য এক বিঘা জংগল।
সাপের জন্য তীব্র যৌন ফুল।
ঘুঙুরে রোচেনা মন তবু বুক ভরা ছোট্ট একটা পা খুঁজি
কিছুতেই দেবে না জানি তবু তার আঙ্গুল কখানি খুলে নিতে
রহস্য থেকে নামি, পকেটে রেঞ্চ, হাতে সৌখিন আঙ্গুলদানি।
প্রান্তরের ডাকবাংলায় খুঁজি শিশিরের নিশিথ
হঠাৎ হঠাৎ পাহাড়ি বরফের ডাক, চিলের চিৎকার
কিন্তু কোথায় প্রকৃতির মুখ চেপে ধরার ক্লোরোফর্ম ভেজানো কাপড়
যাতে শে না চেঁচায়?
শক্ত পাকস্থলি কই যাতে পাথরের গিঁট আর ফুলের তীক্ষ্ণ কামড় হজম করতে পারে?
ক্ষুধার চেয়ে গোল, ক্রোধের চেয়েও আন্তরিক
আনন্দের চেয়েও স্বচ্ছ, ভিখারীনির চেয়েও কপালহারা
কি সে কল্পনা ঘোর গাঢ় জ্যামিতি?
জীবনের কালো উচ্চারণ নিহিত কোন প্রতিতূলনায়?
পাহাড় থেকে যা সহজ উঁচু পাহাড় থেকে তা সহজেই দেখা যায়।
আমি আজো পাহাড়ে চড়িনি
নৌকা বেয়ে বেয়ে
চলে যাই - যেখানে নৌকা নাই সেখানে।
যেখানে আমি নাই সেখানে গিয়ে ঘুরে আসি।
ভালোবাসার দানো
তোমার নাক, মুখ, চোখ, ঠোঁট - তোমার স্তন, যোনী, নাভী, নখ
সব ভালোবাসার সেবা করার জন্য
সব ভালোবাসার ডাকটিকিট, ভালোবাসার লোমকুপ, ভালোবাসার মুদ্রা।
প্রাকৃতিক আর সব ভোগ্যপণ্যের মতো তুমি;
তোমার জিহ্বার লালায় ক্লোরোফিল, স্তনে ডায়াজিপাম
নাভীতে চালতা ফুলের সৌরভ
সমুদ্রের সূর্যাস্তের মহিমা ঐ তোমার স্লিপারের ঝলকানি।
তুমি মাদী ঘোড়ার উজ্জ্বল কোমলতায় বর্ণিত
তরুণ মোষের নম্রতায়
বাষ্পরুদ্ধ বয়লারের মতো ছটফটে তোমার তরল চোখ
কোয়েলার মতো দুষ্প্রাপ্য, বিভারের মতো দামী
তুমি জানো সারস ও ষাঁড়ের হত্যারহস্য
শিকার ও শিকারীর মনস্তত্ব
শুধু ভাঙচুরের কারসাজি।
সন্ধ্যার শ্যাওড়া কাঁপিয়ে চলাচল তোমার
তুমি ভালোবাসার দানো।
মহারাণীর বেতের চেয়ারে রাজসম্রাজ্ঞীর শিরদাঁড়া টান করে বসে থাকো
আনবিক ছাতা ধরে দাঁড়িয়ে থাকি সেই দৃশ্য নিয়ে
আমিও যে বড়লোকের স্নানের দৃশ্য লুকিয়ে দেখেছি।























