কালিকাপ্রসাদে গেলে আমি যা যা দেখতে পাব
ইমরুল হাসানপ্রকাশিত : মে ২৮, ২০১৯
পানিতে ভিজে থাকলো গ্রাফাইট আমার। তারে লিখবো আবার,
পিঠ ঠেকাইয়া অপরিচিতের পিঠে, ঠাসাঠাসি বাসে কইরা চলে যাব
মুগ্ধতা ফিরাবে না, অহেতুক লাশ হইয়া গেলে ছোট ছোট পাথরে ঢাকা থাকবে কবর
ছোট ছোট পাথর, হৃদয়ের পাথরগুলি জমে থাকে তার পাশে
গান শুনতে চাইলেই আসবে পুরানো দিনগুলির কথা, আবার ছোট ছোট বাচ্চাগুলি ভারী কইরা তুলবে বাতাস
উঠান জুড়ে খেলা পড়ে থাকবে, আমরা বড় হইয়া গিয়া গাছের ছায়ায় নিজেদের লম্বা করতে থাকবো
নিরবতা থাকবে জানালার গ্রিলে, সোফার নরম ফোমে ম্যাগাজিনগুলি ছড়ায়া যাবে,
বলবে ‘অনেক তো হইলো, এবারও কি ডুবে থাকবে গ্রাফাইটের মেমোরিতে’
হুঁশ ফিরার পরে দেখবো গ্রাম-উন্নয়ন, নতুন ইট কংক্রিটের পথ, আরও দূর গ্রামে পৌঁছায়া যাইতেছে টেলিফোন
অনেক কাহিনি নিয়াও চুপচাপ বইসা থাকবে ঘাসগুলি, কখন যে কথা বইলা উঠে, চমকায়া উঠবো
আর জানি ঠিক ঠিক সেইটা-ই ঘটবে, জানা কাহিনিগুলি তারা কখনোই গোপন করতে পারে না,
আমিও অবিশ্বাসী না, লুকায়া সিগ্রেট খাইতে খাইতে বলবো আমার সাহসের ঘটনাগুলি,
জানি অদেরও রোমাঞ্চিত করবে, আমারই মতো উদগ্রীব হবে, আবার দেখতে চাইবে
‘আর তা সম্ভব না বইলাই এই আগ্রহ’ আমার সন্দেহে তারা শরীর দুলায়া হাসবে।
শান্ত, সমাহিত পথ দিয়া অবাক করার মতো বাস আসে, রিকশা তো তার নিজের জিনিস
মাইনা নেয়া সম্ভব বইলা নিয়মিত খদ্দেরের মতো তাই আসে মুদির দোকানে, কিছুক্ষণ কথা বলে
তারপর চইলা যায়, অবাক করার মতো যাওয়ার সময় বাজায় ঘণ্টি টুং টাং
ভাগ্যিস তবু তারা ভাটিয়ালী গাইবে না, উদাস হাওয়ার সাথে নিজেদের ভাসায়া দিয়া চইলা যাবে
রেলরাস্তার পাশ ঘেঁষে যেইখানে শুকাইতেছে পাটখড়ি, তার পাশে গিয়া আগুন জ্বালবো, তার গন্ধ নিয়া
বুঁদ হয়া পইড়া থাকবো, সন্ধ্যাবেলা পল্লীবিদ্যুতের ডানা তার জ্বলতে না পারার কথা বইলা, বলবে
‘এখনো সন্ধ্যাপ্রদীপ জ্বালানোর নিয়ম চালু রাখা চাই, না হয় রাইতে টিভি দেইখো’ আর স্কুলছাত্রীদের টেবিলে
গোপনে জমা করবে অসংখ্য প্রেমপত্র, নম্র অভিবাদনগুলির হারিয়ে যাওয়া নিশ্চিত বলেই
অরা মনোযোগী হবে, ভাববে, এমনও তো হয়, ইতিহাস আর ভূগোল কতটা জানে এই গোপন প্রেমের কথা।
গাঢ়, পাকতে থাকা ফলের মতোন রোদ সকালের, সবুজ আমের মতো পেলব
কাজকাম নাই, ব্যস্ততা নেই, আমি খালি ঘুরতে ঘুরতে দেখবো গ্রাফাইটের ঘোলা পানি মিশতে থাকলে কোন অক্ষর হয় মলিন
কোন অক্ষর উদ্ভাসিত হইতে চায়, আর কেউ কেউ ভাসতেও পারে না; লজ্জা পাওয়া কোন অক্ষর উদগ্রীব তবু
আর অদের সবাই উইঠা আসবে দেখতে আমারে; আর আমিও তো খুশি হবো, ঘুমে, তোমার স্বপ্নে
এই আলো দেখতে দেখতে হয়া ওঠবো উদ্বেল, অকপট পাপস্বীকারের মতোই চলে যাবো, তোমার কাছেই।























