চিত্রকর্ম: মকবুল ফিদা হুসেন
জাহিদ সোহাগের একগুচ্ছ কবিতা
প্রকাশিত : জানুয়ারি ০৭, ২০১৯
রুটি
গনগনে চুলায় রুটি ভাজছে মা
ঘ্রাণে উৎকর্ণ কুকুর
বলি, সামলে রাখো মৃদু লালা!
রুটি বাষ্পপূর্ণ, ঘূর্ণাবর্ত
রাইফেল তাক করে আছো
আমাকে খুন করো
আমি ঠিক মরতে ভুলে যাই
চারিদিকে নামে রুটির নভোযান
আমার মুখ বন্ধ
ঘ্রাণ শুকে শুকে কাছে আসি
পাশে বসি
সাপ
বিষাক্ত না হলেও চলে
সাপ হতাম
আমি পায়ে পায়ে হেঁটে ক্লান্ত। এবার বুক ঘসে চলে দেখি। ওই ঘাস-লতাপাতার ফাঁকে। ব্যান্ডেজ ফেলে যাই
শিরদাঁড়া কোথায় রাখি?
চলো
ওই ইঁদুরের ঘরে
চলো
জিভের তলায় লুকিয়ে নিয়েছি ব্লেড
চলো যাই নিশ্চুপে
পাবে, তোমার পায়ের কাছে
অন্ধকারে
ঠোঁট
ওই তো ঠোঁট নড়ে উঠলো। একটু থামি।
—এমন দ্বিধা জাগে মৃতের শরীর দেখে
আমারও চোখে আছে জল
যা নয় কৈশোরিক
কে বাড়ায় হাত?
সন্ধ্যায় মত্ত রঙিন লণ্ঠন
তবু তারা যোনির কথা ভোলে না
আমি দেখি তিনটি অস্পষ্ট আয়না
হয়ত নড়েছিল ঠোঁট
অসফল বিদায়
টা টা
আমি অনেক ক্লান্ত
যাপন করি আয়ুদ-
সরকার
তেমন কিছুই বলার নেই। বা, যা বলবো তা শুনে তোমার কী কাজ? তুমি তো শুনতে চাও সংবাদ-বিশ্লেষণ; ওই তো দেখতেই পাচ্ছো, দরোজার নিচ থেকে তোলা হয়নি নিউজপেপার। পড়ি না, অভ্যাস; বা এটা ওটা দরকারে বড় কাগজ লাগে।
ভূত ক্রদ্ধ হয়। বলে, তোমার মেজাজ চরে না?
আমি তাকে ইতিহাস পড়তে বলি।
সে চলে যায় নিরক্ষর ভিক্ষুকের মতো।
নিজেকে নিবৃত রাখি
তুমি ওইখানে দাঁড়াও, যতটুকু দূরে ছোঁয়া যায় না, মাঝখানে লতিয়ে উঠুক রেলপথ; মানে রেল তো গতকাল মরে গেছে, আর পথটুকু মানুষের বুকের উপর চেপে রাখো, মানে, যারা মরে থাকবে না বলে মাটির উপর লাফাতে চায়, তাদের।
এখন জো এসেছে, কাদায়, ধানের চারার জন্য রুকুতে পড়ে থাকা চাই। আরো কত ইচ্ছের জলে মাছের বুদবুদ আছে।
এইসব ভেবে ভেবে নিজেকে নিবৃত রাখি। আমরা ছুঁয়ে ফেলবো, মানে, আমাদের যৌনাঙ্গের ব্যবহার আছে বাকি। তারচেয়ে বরং এসো ওই ঘুটে কুড়ানি মেয়েটার সামনে রেইনট্রির পাতা বিছিয়ে রাখি। ওর খাটো ঝাড়– রাস্তায় বাজতে থাকুক। ওই শব্দের মাঝখানে, এসো, আমাদের প্রথম দেখার দিন, এসো, উদযাপন করি।
উত্তরবৈরক
ওই তো, তিনি স্ত্রীশয্যা থেকে পালাচ্ছেন।
স্তনের বোঁটায় মুখ রেখে ঘুমিয়ে আছে শিশুপুত্র— তাকেও নিঃশব্দে বলো, বিদায়।
ঘরের বাইরে কী আছে? নক্ষত্রসমেতে জ্বলছে আকাশ। আর পায়ের তলায় চিরপদানত মাটি— এর কোথাও আমার জিজ্ঞাসা নাই।
আমি এক যন্ত্রের সাথে ঝুলে আছি।
এবার হাপাতে হাপাতে যতটা পারো আমাকে চালিয়ে নাও।























