নেপালে ৩ পুলিশকে পিটিয়ে হত্যা করল জনতা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫
নেপালের কোটেশ্বরে অবস্থানরত ৩ পুলিশ সদস্য আত্মসমর্পণের পরও বিক্ষোভকারীরা পিটিয়ে তাদেরকে হত্যা করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভকারীরা প্রথমে পুলিশের বিভাগীয় কার্যালয়ে আগুন লাগায়। কর্মকর্তাদের টেনে বের করে আনে রাস্তায়। অস্ত্র সমর্পণ করার পরও ৩ পুলিশ সদস্যকে জনতা পিটিয়ে হত্যা করে।
নাক্সালে অবস্থিত নেপাল পুলিশ সদর দপ্তর এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। সদর দপ্তর একে বর্বরোচিত ঘটনা হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এটি রাজধানীর ক্রমাবনতশীল নিরাপত্তা পরিস্থিতির স্পষ্ট প্রমাণ।
কাঠমান্ডুতে সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতাদের বাসভবন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যালয়গুলোকে লক্ষ্য করে সহিংসতা ও অগ্নিসংযোগ অব্যাহত থাকায় কোটেশ্বরের এ হামলা। এ হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলার সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে।
দুই দিনের বিক্ষোভে এখন পর্যন্ত নিহত হয়েছে ২১ বিক্ষোভকারী। এর সঙ্গে যোগ হলো এই ৩ পুলিশ সদস্যের মৃত্যু। সূত্র: খবরহাব























