প্রলয় মুখার্জীর কবিতা ‘আসুন অসুস্থ থাকি’
প্রকাশিত : মে ০১, ২০১৯
আপনি ক্ষত নিয়ে আসুন। গোড়ালির কাটা দাগ মোজা দিয়ে ঢাকবেন না। এতে হয় কি, কিছু মাছি বঞ্চিত হয়, আসলে পুঁজ, রক্ত এগুলোও কারোর খাদ্য তো বটেই। এখানে উচ্ছিষ্ট বলে কিছু থাকে না। তোমার কাছে যা দুর্গন্ধ আমার কাছে তা নয়। বলতে পারেন আমি মৃত খেঁজুর গাছকে দেহ বলি, প্রাণ বলি। মৃত দেহ সর্বদা পচনশীল, পচা মানেই সেখানে প্রাণের মমতা আছে, প্রাণ কেন্দ্র আছে। দয়া করে ক্ষতস্থান মোজা দিয়ে আর ঢেকে আসবেন না। এতে হয় কি মাছিরা বুঝবে ওখানে খাবার আছে অথচ খেতে পারবে না। এখান থেকেই জন্ম নেয় সন্দেহ, সন্দেহ থেকে নাটকের সূত্রপাত।
আপনি মোজা পরতে ভালোবাসেন, পোশাক পরতে ভালবাসেন,আপনি চান আপনার দ্রুত নিরাময় হোক ব্যাধির। অথচ কি আশ্চর্য দেখুন আমি চাই আপনি অসুস্থ থাকুন কিছুদিন। কিছুদিন একটি গাছের কাছে এসে দাঁড়ান, রোজ এসে দাঁড়ান। আপনি সুস্থ হলে এ অবসর পাবেন না। অসুখ আমার কাছে একধরণের অবসর।এই অবসরকে ব্যবহার করুন,কারণ আপনি দ্রুত মরবেন না, মৃত্যুর জন্য আরো অনেক অপেক্ষা করতে হয়, ভয় পেতে হয়, স্বীকার করতে হয়। আপনি ক্ষতকে অস্বীকার করে মৃত্যুকে স্বীকার করতে শেখেননি, আমিও শিখিনি। তাই আমরা দুজনে, মানে আপনি আর আমি কেউ মরছিনা, আমরা অনেকদিন বাঁচব।
মাঝে মাঝে এই ব্যাধিটা আসা প্রয়োজন। আমরা ভয় পাই আর প্রার্থনা করি সুস্থ হয়ে উঠলে গাছে জল দেবো, দেওয়ালে মুতবনা, সিগারেট খাওয়া কমাব, প্রেমিকার সাথে দুর্বব্যহার করব না। ক্রমে ভয় পাই, আমি দ্রুত মরে গেলে আর পৃথিবী দেখতে পারব না।
আসুন আমরা দুজনে আজ পৃথিবী দেখি। দয়া করে মোজাটা খুলে আসুন। গোড়ালির ক্ষত থেকেই আপনার জ্বর হচ্ছে।ওই দেখুন পথে দুটো কুকুর অসুস্থ, আসুন ওদের কাছে যাই। একটু সাবধানে চলবেন। আমাদের চারিদিকে সকলেই সুস্থ। সুস্থ মানুষরা দ্রুত চলাফেরা করেন। ওদের চলার পথেই দেখুন গঙ্গাফড়িংটি মরে পড়ে আছে। আর একজন, তারপর আর একজন, তারপর সকল মুক্ত মানুষ দেখলইনা কারো দেহে কারোর পায়ের ছাপ। দেখুন ভিড় বাসে এই মাত্র সুস্থ মেয়েটিকে সুস্থ মানুষটি খারাপ কাজ করল। আপনি কি দেখেছেন কারোর অসুখ করেছে আর সে ধর্ষণের জন্য প্রস্তুত? আপনি অসুস্থ এখন প্রতিবাদ করতে পারবেন না। ভাবছেন শরীর ঠিক হলেই তা করবেন। অথচ সুস্থ হলেই আপনি ভিড় বাসে উঠে একটা সিট খোঁজার চেষ্টা করবেন। ট্রেনে সকলের আগে দৌড়ে জানলার ধারে সিটে বসার চেষ্টা করবেন।
আসুন একটা গাছের কাছে বসি। ওই গাছের নীচেই কুকুরদুটি মারা গেছে। ওরা মৃত্যুকে স্বীকার করেছে। অথচ আমরা বেঁচে যাব। আপনার জ্বর হয়েছে, ক্ষতস্থান শুকালেই আপনি সেরে উঠবেন। আপনি দেয়ালে মুতবেন, সিগারেট খাবেন, মানবীকে চিনবেন না। আমি আরো বেশ কিছুদিন ব্যাধি পুষে রাখতে চাই। ভয় পেতে চাই। ভীষণ ভয় পেয়ে জীবনকে ভালবাসতে চাই। আরো অনেকদিন বাঁচতে চাই।























