বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়তে আগ্রহী পাকিস্তান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২৪, ২০২৫
বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক ও অগ্রসরমুখি সম্পর্ক গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। শনিবার ঢাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ ইচ্ছা ব্যক্ত করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে এ তথ্য জানায়।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানসহ অনুষ্ঠানে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমলা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুদ্ধিজীবী, থিংক ট্যাংক প্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ, শিল্পী ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা।
বক্তব্যে ইসহাক দার বলেন, “পাকিস্তানের জনগণ সবসময় বাংলাদেশের জনগণের প্রতি ভ্রাতৃত্বপূর্ণ অনুভূতি পোষণ করে আসছে। দুই দেশের সম্পর্ক শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, ইসলামি উত্তরাধিকার, সামাজিক মূল্যবোধ ও সাহিত্যিক বন্ধনের ভিত্তিতে গড়ে উঠেছে।”
বাংলাদেশের জনগণের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসলামাবাদ ঢাকার সঙ্গে আরও সহযোগিতামূলক ও ভবিষ্যতমুখি সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর।”























