মেক্সিকোর সিনেটে অধিবেশনে মারামারি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫
মেক্সিকোর আইনসভার উচ্চকক্ষ সিনেট অধিবেশনের শেষদিকে বুধবার বিরোধীদলীয় এক নেতা ও সিনেট সভাপতির মধ্যে কিলঘুষি, ধাক্কাধাক্কি ও চিৎকার-চেঁচামেচি হয়।
দিনের অধিবেশনে সমাপনী উপলক্ষে জাতীয় সংগীত গাইছিলেন আইনপ্রণেতারা। এ সময় বিরোধী দল ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রধান আলেহান্দ্রো আলিতো মোরেনো ক্ষমতাসীন মোরেনা পার্টির সিনেট সভাপতি জেরার্দো ফার্নান্দেজ নোরোনার দিকে তেড়ে আসেন।
নোরোনা পরে সংবাদ সম্মেলনে বলেন, “মেক্সিকোতে বিদেশি সেনাদের উপস্থিতি নিয়ে কঠিন বিতর্কের পর এ সংঘাত শুরু হয়।”
ভিডিওতে দেখা গেছে, মোরেনো নোরোনার কাছে গিয়ে বারবার বলছেন, ‘আমি অনুরোধ করছি, আমাকে কথা বলতে দিন।’ এরপর তিনি নোরোনার হাত ধরে ফেলেন। নোরোনা তখন বলেন, ‘আমাকে ছোঁবেন না।’
এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। মোরেনো এক আলোকচিত্রীকেও ফেলে দেন। নোরোনা যখন পেছনে সরে যাচ্ছিলেন, তখন আরেক আইনপ্রণেতা ছুটে এসে তাকে আঘাত করার চেষ্টা করেন।
নোরোনা বলেন, “মোরেনো আমাকে টানতে থাকে, ধাক্কা দেয়, আঘাত করে এবং বলে, আমি তোকে মেরে ফেলব, ধ্বংস করে দেব।”
তিনি আরও বলেন, “শুক্রবার আমি জরুরি অধিবেশন ডাকব। মোরেনোসহ পিআরআইয়ের ৩ আইনপ্রণেতাকে বহিষ্কারের প্রস্তাব তুলব।”
অন্যদিকে মোরেনো অভিযোগ করেন, “নোরোনাই প্রথমে মারমুখি হয়েছিলেন।”























