রহমান হেনরী অনূদিত ভিনদেশি কবিতা
প্রকাশিত : মে ১০, ২০১৯
নির্জনতা
ইয়ানিস রিচোস
বাতাসে ঝুলে আছে বিষণ্নতা। জানালার শিকগুলোর বাইরে
গাছপালার নিষ্পত্র ফাঁকা ডালপালা, এবং জানালায় তুমি একা।
দরোজার সামনে দিয়ে চলে যাচ্ছে রাত। চলে যাচ্ছে
প্রেমিকার মতো— অন্যপুরুষের
হাতের প্যাঁচে কোমর রাখা এক নারী।
আর চাঁদটা, সড়কের ওই মোড়ে, একটা ওষুধের দোকানের উপর,
নিভিয়ে ফেলা বিজলি-বাতির মতো, শান্ত।
ইয়ানিস রিচোস (১ মে ১৯০৯ - ১১নভেম্বর ১৯৯০): গ্রিক কবি। বামপন্থী আন্দোলনের সক্রিয় কর্মীও ছিলেন। ১৯৭৫ সালে লেনিন শান্তি পুরস্কারে ভূষিত রিচোসের জন্ম গ্রীসের মোনেমবিসায়; মৃত্যুবরণ করেছেন এথেন্সে।
অনেকের জীবনচক্র
নিকি জিওভান্নি
মেয়েটি অনুধাবন করলো
জীবন-জয়ীদের একজন
নয় সে
যখন সে নিশ্চিত নয়
জীবন তার কাছে একথোকা অন্ধকার কি-না
অসহনীয় গোপনতা এই যে
অবাঞ্ছিত শিশুর মতো
পেট-খসানোর এক বিলম্বই
তার জন্মের
একক কারণ
অনেক একান্ত অভ্যাস ছিল তার
মাঝেসাঝে আত্মমৈথুন করতো
বিপর্যস্ত হলে সর্বদাই নাক খুটলাতো
অন্ধকারে
চুপচাপ বসে থাকতে পছন্দ করতো
বিষণ্নতা কোনও অস্বাভাবিক মানসিক-অবস্থা নয়
কালো মেয়ে
বা কালো-লেখকদের পক্ষে
ছিঁচকে চোরে মতো মদ্যপানে ঝুঁকে গেছিলো
এমন এক অভ্যাস যা তাকে অসুখি করতো
প্রতিক্রিয়া এবং স্বাদ
উভয় দিক দিয়েই
তথাপি শেষ পর্যন্ত নিদ্রা
তাকে টেক্কা দিয়ে কুস্তি লড়তো
বিছানায়
নিকি জিওভান্নি ( ১৯৪৩-): আফ্রো-আমেরিকান কবি। কৃষ্ণশক্তি আন্দোলনে সম্পৃক্ত। জন্ম টেনিসির নক্সভিলে। আমেরিকান বুক এওয়ার্ডসহ অনেকগুলো পুরস্কারে ভূষিত।
চিত্রাক্ষর
নিকিতা স্তানেস্কু
কোন একাকিত্বে
অর্থহীনতা খুঁজতে হবে
যখন অর্থময় সেটা
এবং কোন নৈঃসঙ্গকে
অন্ধ হতে হবে দিনের পরিপূর্ণ আলোর ভেতরেও,—
আর হতে হবে বধির, কোন নৈঃসঙ্গ্য,
সংগীতের ক্ষতের মধে বিদ্যমান
কিন্তু বুঝতে হবে না
যখন কোনও অর্থ নেই তার,
এবং অন্ধ হতে হবে রাত্রির মধ্যযামে,
এবং বধির হতে হবে যখন পূর্ণতা পেল নৈঃশব্দ্য,—
ওহ, একাকিত্বের ভেতরের একাকিত্ব!
নিকিতা স্তানেস্কু (৩১ মার্চ ১৯৩৩ - ১৩ ডিসেম্বর ১৯৮৩): রোমানিয়ান কবি ও প্রাবন্ধিক। জন্ম প্রাওভার প্লোয়েস্তিতে; মৃত্যুবরণ করেছেন বুখারেস্তে।























