রোজ সোমালির ৪ কবিতা
বাঙ্লায়ন: সাঈফ ইবনে রফিকপ্রকাশিত : মে ২৩, ২০১৯
অস্ত্রবিরতি
প্রতিটি যুদ্ধের পর
আবারও নির্মাণযজ্ঞ!
ধ্বংসস্তুপ ফুঁড়ে আবারও
আশাবাদী নতুন কনস্ট্রাকশন!
আবারও!
সুবিন্যস্ত সামরিক
নৃশংস অগ্রযাত্রা। ধ্বংসপুরাণ।
মৃত্যুখেকো যুদ্ধে কেঁপে ওঠে মরুগ্রাম,
গোগ্রাসে গিলে খায়
স্বাভাবিক জীবনযাত্রা!
একটি আপেক্ষিক ঘটনা
নীরবতার দেয়ালে প্রজেক্ট করা
আমাদের সব ইভেন্টে চোখ।
পাখিটার বাসা একই জায়গায় আছে।
এরপরও আমরা বুঝছি না
কেন মৃত্যু সূর্যের আলো থেকেও পরিষ্কার?
প্রশ্ন
‘নিজেকেই প্রশ্ন করলাম;
কোনটা ভালো— শুরু নাকি শেষ?
দুর্ঘটনা বাতিল হয়ে যাওয়ার মতো
আশ্চর্য অবস্থানে
প্রতিটি উত্তর দুলছে;
আনন্দ-বেদনার জটিল সমীকরণে!’
সিদ্ধান্তহীনতার দ্বীপে
সৈকতের বালিতে আমাকে লিখো না।
সাগর ভাসিয়ে নিয়ে যাবে
সিদ্ধান্তহীনতার দ্বীপে।
তখন আমাকে খড়কুটো দিও না,
ভোরে ঘুম থেকে তোলারও দরকার নেই।
প্রার্থনা আর যতে ভালো ভালো কাজ
শুভ কামনা; এমনকি পূর্ণিমা বন্যা
আমাকে ফেরানোর জন্য যথেষ্ট নয়।
রোজ সোমালি। আরব খ্রিস্টান। থাকেন ফিলিস্তিনের রামাল্লায়। ইজরায়েলি আগ্রাসনবিরোধী এই কবি ওরিয়েন্টালিজমের পথপ্রদর্শক অ্যাডওয়ার্ড সাঈদের জ্ঞাতি বোন। তবে এই পরিচয় জানার আগেই আমি তার লেখার ভক্ত হয়ে গেছি। বাঙালি পাঠকদের জন্য Rose Shomali`র চারটে আরবি কবিতার সাঈফীয় বাংলা। কবির ফেসবুক আইডি https://www.facebook.com/rose.shomali























