শাদা পাতাদের কুহু
জুয়েল মাজহারপ্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০১৯
মেধাবী কবি জুয়েল মাজহারের ‘নির্বাচিত কবিতা’ প্রকাশ পেয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। প্রকাশক: বেহুলাবাংলা। বইমেলার ১২৩ ও ১২৪ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। ‘নির্বাচিত কবিতা’ থেকে একগুচ্ছ কবিতা—
শাদা পাতাদের কুহু
এক.
পাতাগুলো শাদা পড়ে আছে সাত মাস
দুই.
উৎপাদনহীনতা আরও সাত মাস
বিরাজ করবে বলে মনে হ’তে থাকে।
তিন.
মনে হতে থাকে উঁচু পাহাড় থেকে
নিচু পাহাড় থেকে বেরিয়ে আসা
ঝর্নারা অসমাপ্ত। আর,
ডালে ডালে কোকিল বোবা।
চার.
ইত্যবসরে কোনো কুহু, স্বর
কাঁপিয়ে গেল না এই জঙ্গল-সীমানা
পাঁচ.
পথ যেন ঠাণ্ডা, শক্ত ঘুমন্ত কামান
মগজে সেই ভারী কামানেরই প্রেতচ্ছায়া;
ছয়.
কোকিলের বধিরতা তারও চেয়ে ভারী মনে হয়।
সাত.
ঘুমন্ত কামান, অসমাপ্ত পথ, শাদা পাতা
সমুদ্রে কিস্তি কাত, হাঙ্গরের পাল এসে পড়ে।
আট.
সিংহ-ব্যাঘ্র ভরা বনে প্রেম এসে বাঁচায় তোমাকে?























