অলঙ্করণ: ফারাহ বিল্লাহ
শামীমা জামানের কবিতা ‘হাত’
প্রকাশিত : মার্চ ২৬, ২০১৯
অতঃপর বুড়ো কবির ডান হাত বারং বার দাঁড়াতে থাকে
প্রেজেন্ট প্লিজ প্রেজেন্ট প্লিজ
ইয়া মাবুদ!
তিনি আমাকে তরুণীদের পিঠে অবস্থান করতে বলতেন
এমনকি বোকা বোকা তরুণদের পশ্চাৎ প্রদেশেও
তিনি দয়ালু এক্টিভিস্ট,
পথশিশুদের দান করতেন খাদ্য, বস্ত্র
আর বিচ্ছেদে গুটিয়ে থাকা তার অভিমানী অস্ত্র।
এরপর আরো অনেক হাত পার হয়ে
আরেকটি হাতও দাঁড়িয়ে সাক্ষ্য দেয়,
হে পরওয়ারদেগার, পর্দানশীন নারীদের বেলায়
তিনি আমাদের একে অপরের মাঝে যূথবদ্ধ থাকতে বলতেন।
কেবল আদিবাসী নারীর বুনো শরীর, ওড়নাহীন ব্লাউজ
আহা, বীর! এসব নিয়েও করতে আছে কাউজ।
টকশোর আপারা, জাদরেল ভাইয়েরা কত কী বকে দিলো
তারপর তারাও কারো বউকে, কারো বন্ধুকে খুঁজে নিলো ।
হাগ দেই, ভাত দেই, চুমু দেই
তোমাদের বাড়ি একটা কালো কৌতুক আছে?























