সঙ্গীতা দাশের অনুবাদে গুলজারের কবিতা
প্রকাশিত : মার্চ ১৫, ২০১৯
প্রাচীন পৃথিবী
পৃথিবী যেন বুড়ি হলো এবার
পুরনো হলো বুঝি বাসস্থান...
নীল রঙ ম্লান হয়ে গেছে সমুদ্রের জল থেকে,
দখিনা বাতাস ছুঁয়ে গেলেও যেন কর্কশ লাগে,
সূর্যের নিভে যাওয়া টুকরো সব
পৃথিবীর দিকে পড়ে
মনে হয় যেন বুড়ো আকাশের দাঁত পড়তে শুরু করেছে!
পৃথিবী যেন বুড়ি হলো এবার
পুরনো হলো বুঝি বাসস্থান...
নিউক্লিয়রের পর
সবচেয়ে সুন্দর ছিল ওই নীল রঙের গ্রহ!
ছায়াপথের চোখের মনি ছিল সে...
ছায়াপথেই ভাসতে ভাসতে
এক বড় এনার্জি বলল, ছোট এক এনার্জিকে—
`এমনিই ঘটেছিল সেদিন...`
কিছুই ছিল না আগে ঐ পৃথিবীতে, আকাশও না।
জল ছিল, স্বচ্ছ আলো ছিল,
জল ছুঁয়ে বয়ে যায় হাওয়া,
গ্যাসীয় ধোঁয়া ছিল, আর কিছু না...
রাত নেমে আসে, অথচ,
চিক্কন সে আঁধার উজ্জ্বল হয়ে থাকে,
জলের উপরে মগ্ন ছায়াপথের প্রতিবিম্ব স্থির।
আমাদের ছায়াপথে...
সবচেয়ে সুন্দর ছিল ওই নীল রঙের গ্রহ!
ছোট্ট সেই এনার্জি
পিছনে ফিরে দেখল, জ্বলেপুড়ে শেষ হয়ে যাওয়া একখণ্ড পৃথিবী ঘুরে চলেছে
যে কোনো মুহূর্তে গিয়ে পড়বে সূর্যের ভিতর।
একবার মিটিমিটি জ্বলে, আবার বলে উঠল এনার্জি—
`আর তারপর কি জানি কীভাবে
জীবন সংক্রমণ ঘটেছিল পৃথিবীতে...
ধীরে ধীরে
পৃথিবীকে কুরে কুরে খেয়েছে... জীবন!`
প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক গুলজারের জন্ম পাঞ্চাবে, ১৮ আগস্ট, ১৯৩৪। তিনি মূলত হিন্দি ভাষায় লেখালেখি করেন। তবে উর্দু গজল রচনাতেও তার বিশেষ কৃতিত্ব রয়েছে। তিনি চলচিত্রে গীতিকার হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে ভারতীয় জাতীয় চলচিত্র পুরস্কারও রয়েছে। ১৯৮৮ সালে ‘ইজাজাত’ ছবিতে ‘মেরা কুছ সামান’ গানটি রচনার জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। তিনি ওই ছবিটি পরিচালনাও করেন। ছবিটির কাহিনি গৃহীত হয় সুবোধ ঘোষের ‘জতুগৃহ’ উপন্যাস থেকে। এছাড়া গুলজার ‘মাচিস’, ‘হুতুতু’ ইত্যাদি ছবিও পরিচালনা করেন। প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী রাখীর সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন তিনি। এ দম্পতির মেঘনা গুলজার (বস্কি) নাম্নী এক কন্যা রয়েছে। কিন্তু কন্যার বয়স এক বছর থাকাকালে তারা বিবাহ-বিচ্ছেদবিহীন অবস্থায় দিনাতিপাত করতে থাকেন। তার কাছেই মেয়ে বড় হয়। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র বিষয়ে স্নাতকধারী হয়ে মেঘনা ফিলহাল, জাস্ট মেরিড ও দাস কাহানিয়া চলচ্চিত্র পরিচালনায় অগ্রসর হন। ২০০৪ সালে তার আত্মজীবনীগ্রন্থ প্রকাশ করেন।























