সানজিদা সিদ্দিকার ৫ কবিতা
প্রকাশিত : মার্চ ২৪, ২০১৯
নিউরনে কুইনিন
স্বাপ্নিক ক্যানভাসে বিচিত্র ছবির আয়োজন
এর মাঝে একটি পেল শ্রেষ্ঠত্বের দাবি
ফুল-নদী-রোদ, গাছ-ঘর-বোধ সবই ছিল
স্বপ্নঘোর সময় বেছে নিয়েছে
ফ্লাসব্যাকে নীল পাহাড়ের ছবি।
পাহাড়টা এমন কেন নীল?
স্বপ্নের কারুকাজে বিষাক্ত অন্ত্যমিল
নিউরনে জমেছে কুইনিন স্বাদ।
গলে যাও নীল পাহাড়, মিশে যাও সমুদ্রে
বোধের বালুকায় সূর্যস্মানে নীল মোম চাঁদ।
নিঃশব্দ
শব্দের তীক্ষ্ণ ফলায় বিদ্ধ হৃদয়
মেঘ-মন হাওয়াই মিঠে কিনে,
সবুজ ঘাসে নিশ্চিন্তে ঘুমায়।
অবাক তুমি—
লেগেছে আগুন পোড়েনি হৃদয়
জেনেছে মন—
শব্দের নাচঘরে, নিঃশব্দের ঝংকারে,
নিরঙ্কুশ জয়।
ধুতুরা
মোড়কে মানুষের স্বার্থ
ধুতুরা ফুলে নৈবেদ্য,
মনসা দেবীর আরাধনা
বেহুলা বাসরে গুপ্তচরিত্র।
কালর্গভে নিম্নগামী বটঝুড়ি,
নীল লিটমাস র্স্পশে অম্বল
রক্তে ভেজা ধারালো ছুরি।
অন্ধের চোখে দ্বন্দ্বের হাতি
মনুষ্য অনুভূতি চীনের বেসাতি।
চোখের ছানি
সাধারণজন অপেক্ষায় থাকো অলৌকিতার
লৌকিকতা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে
আকাঙ্ক্ষার উচ্চতা আকাশে ঠেকিয়ে
আছড়ে ফেলবে ম্যাজিক কার্পেটে।
কি হবে ম্যাজিক দিয়ে?
ভদ্রজনের নবজাতক তখনও জন্মে
ডাস্টবিনের পেটে।
উচ্চর্মাগীয় বচনে সুফিগনের বুলি আওড়িয়ে
ইমার্জেন্সি বার্থকন্ট্রোল পিল
উপহার দেয় রাতের নির্জনে।
সাধারণজন অপেক্ষায় থাকো অলৌকিতার
এ হলো রাজার নীতি,
দীর্ঘসময় শেষে বোধোদয় হবে
অলৌকিকতা চোখের ছানি, জ্ঞানের ব্যাধি।
নিহত দুঃখের রির্পোট
আমার হাসিতেই খুন অমারই ব্যক্তিগত দুঃখ
তদন্তে পাঠানো হলো—
ফরেনসিক রিপোর্টে নেই কোনো আলামত
ডিএনএ টেস্টে পাওয়া গেল আদি পিতার
বেঁচে থাকার অদম্য অসুখ।























