সুদীপ্ত সাধুখাঁর একগুচ্ছ কবিতা
প্রকাশিত : জুলাই ৩০, ২০১৯
স্বপ্ন
রাতদুপুরে মগজজুড়ে বিকট বিকট
স্বপ্ন ওড়ে স্বপ্ন ওড়ে একনাগাড়ে
তক্তপোশের রাজ্যপাটে
মুখ পোড়ানো ভয় পাওয়ানো মুকুট ফুটুক
জং ধরানো বিচ্ছিরি সব কূট কলরব
তন্ত্রেমন্ত্রে জাবর কাটে
তারপরে তার ঘর-সংসার শারীরিক ওমে
পুড়ে ছাড়খার তবু তলোয়ার শেষ খেলোয়াড়
এলোমেলো সব রাস্তাঘাটে
জ্বালিয়ে দিচ্ছে বিলিয়ে দিচ্ছে সোম থেকে সোমে
মিলিয়ে দিচ্ছে, অথচ পাত্র শূন্য মাত্র
তন্দ্রা নেমেছে সোনার খাটে।
এক পৃথিবী
এক পৃথিবী ছড়িয়ে দেব মাঠের ধুলোয়
এক পৃথিবী যত্ন করে রাখব ঘরে
আয়ুর সঙ্গে উড়িয়ে দেব সাতশো ঘুড়ি
শেকড় বাকড় পুড়বে কেবল শহরজুড়ে
বাদার জলে ডুবছি বলে ভাবছ কাঁচা
অল্প আয়ুধ তোমার নামেও চাইছে হাওয়া
এক পৃথিবী এগিয়ে গিয়েও ফেরত এলাম
এক পৃথিবী মশকরাতে সঙ্গে যাওয়া।
এক পৃথিবী বিতৃষ্ণা আর দুঃখে ভরুক
এক পৃথিবী ঘেন্না নেব পরম ভুলে
আমার যত জ্বলন্ত সব মুখোশ পোশাক
ভাসতে থাকুক এক পৃথিবী চোখের জলে...
ফুরিয়ে দিলাম রং তামাশার ফুলঝুড়িতে
এক পৃথিবী বারুদ আমার পাঁজর ভরা
তাবৎ সুখে ঘুমিয়ে আছে বীজের ভিতর
এক পৃথিবী ফুল ফোটাবার পরম্পরা।
ইশারা
আমি চলেছি এক ইশারায়
যেন ভিন্ন কোনো দস্তুর
যারা ডাকছে তারা কেউ নয়
তারা চিনলোই এইমাত্র
কিছু বলবে এই সম্ভ্রব
শুধু ঐকিক মনে আশ্রয়
নানা দিককার ছেঁড়া গল্প
উড়ে আসছে শাদা জানলায়
ভুলে যাচ্ছি কত সস্তার
চেনা চৌদিক চেনা তর্ক
শুধু ভাঙছে পুড়ে যাচ্ছে
বহু চর্যার চির সুন্দর
স্থির রাত্রির কালো বৈঠা
বেয়ে চলছে যত সাজঘর
অতি শীঘ্রই বুঝি মূর্তি
চোখে ফুটবে প্রিয় স্বপ্ন।
প্রেমে প্রেমে
মাপের আগুন ফুরিয়ে যাচ্ছে সময় মতো
মুঠো মুঠো প্রেমে পিতল আদর ছড়িয়ে দিলে
তোমার কাছে ফিরতে আমার ভালোই লাগে
ছোঁ মেরে নাও আমায় তোমার প্রাণ পাঁচিলে,
পিছল রাত্রি ঘুমিয়েছে ফের মন্ত্রণাতে
খণ্ডিত হাতে চুরমার করি অশ্রুগুলো—
উড়ন্ত চোখে চূর্ণ পৃথিবী পুতুল হলে
নিষ্ঠুর ফুঁয়ে উড়িয়ে দিয়েছি চাঁদের ধুলো
দাহ্য শরীরে প্রস্তুতি শেষ আবির ছুঁয়ে
লাটঘাট জামা ভেজাচ্ছে নদী আকর মদে
নেশার তুখোড়ে আছড়ে ভেঙেছি আরশিগুলো
প্রেমে প্রেমে তবু ঝরছে আকাশ সসম্পদে।—























