আগস্টজুড়ে অতিবৃষ্টির আভাস, রয়েছে বন্যার ঝুঁকি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০২, ২০২৬

আগস্টজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে বলে শনিবার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

পূর্বাভাসে বলা হয়, আগস্ট মাসে বঙ্গোপসাগরে দুই থেকে ৩টি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মাসের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এ সময়ে সমুদ্র তুলনামূলক শান্ত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারির প্রয়োজন হতে পারে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধস এবং উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকি বাড়তে পারে।

পূর্বাভাসে বলা হয়, মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির কারণে একাধিক নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, মাসের শেষ সপ্তাহে দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগস্টে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে বৃষ্টির বিরতিতে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আগস্টের ১৪ তারিখে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণ ঘটলেও এর কোনোটিই বাংলাদেশ থেকে দেখা যাবে না।

এর আগে বিদায়ি জুলাই মাসজুড়ে দেশের প্রায় সব জেলাতেই কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাত হয়। এতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ কয়েক জেলায় নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। এর ফলে পানবন্দি হয়ে পড়ে হাজার হাজার পরিবার। নষ্ট হয়ে যায় অসংখ্য জমির ফসল।