পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ০২, ২০২৬
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ও দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে পুয়েবলো ভিয়েহো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে বিমানটি পেরুর পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।
সেসনা ক্যারাভান সি-২০৮ মডেলের বিমানটি শনিবার জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাজকা লাইনসের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। বিমানে ১১ যাত্রী ও দুজন পাইলট ছিল।
পেরুর রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে দুজন জার্মান, দুজন স্প্যানিশ ও সাতজন ইতালীয় পর্যটক ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
উল্লেখ্য, দক্ষিণ পেরুর নাজকা লাইনস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। মরুভূমির বালুর ওপর আঁকা প্রাচীন প্রাণীর বিশাল আকৃতির নকশাগুলো দেখতে পর্যটকরা প্রায়ই ছোট বিমানে আকাশপথে ভ্রমণ করে।
পুলিশ কর্মকর্তা হোর্হে আন্দ্রাদে বলেন, “দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, কেউ বেঁচে নেই। এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।”
এর আগে, ২০২২ সালে নাজকা লাইনস এলাকার উপর দিয়ে যাওয়ার সময় আরেকটি ছোট পর্যটক বিমান বিধ্বস্ত হয়ে এর আরোহী সাতজন নিহত হয়। এছাড়া ২০১০ সালে ওই স্থানের উপর একটি পর্যটকবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর আরোহী ছয়জন নিহত হয়। সূত্র: বিবিসি























