কারাগার থেকে পালালো আসামি, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১৮, ২০২৬

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত নারী আসামি রিম্পা (২১) পালিয়ে যাওয়ায় ৭ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ এ তথ্য জানান।

মো. জান্নাতুল ফরহাদ বলেন, “দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরখাস্তকৃতরা হলেন: মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা, মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।”

কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান রিম্পা। ঘটনার পরপরই পুরো কারাগারে তল্লাশি চালানো হলেও রিম্পার সন্ধান মেলেনি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার কারাগার থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, “এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা চলছে।”

পালিয়ে যাওয়া আসামি রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এই কারাগারে বন্দি ছিলেন।