ছয় দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১২, ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের ৬ দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাহরাইন, কুয়েত, জর্ডান, কাতার এবং ওমানে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে একটি যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার ধ্বংস হয়েছে।
এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের সশস্ত্র বাহিনী দেশটিকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্যমতে, আইআরজিসি ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরির ব্যবহৃত রসদ সরবরাহ কেন্দ্র এবং জ্বালানি ভরার প্ল্যাটফর্মেও হামলা চালানো হয়েছে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা, একটি গোলাবারুদের ডিপো এবং একটি রাডার সাইটে ড্রোন হামলা চালিয়েছে তারা।
বাহরাইনে মার্কিন যোগাযোগব্যবস্থা ও রাডার সাইটে হামলা চালানো হয়েছে বলেও জানায় দেশটির সেনাবাহিনী।
আইআরজিসি বলেছে, তারা হরমুজ প্রণালিতে আরেকটি জাহাজ আটক করেছে। অব্যাহত মার্কিন-ইজরায়েলি আগ্রাসন আরও বিধ্বংসী প্রতিক্রিয়ার জন্ম দেবে বলে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। সূত্র: আল-জাজিরা ও মিডল ইস্ট আই
























