বর্জ্য থেকে বিদ্যুৎ, প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

ঢাকার আমিনবাজার ও মাতুয়াইলে দুটি আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজারে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করছে। এই প্রকল্পটি প্রতিদিন প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।

সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে এবং ২৫ বছর এখান থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানি একটি বিশাল বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে বছরে ১ লাখ ৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে, যা থেকে বছরে প্রায় ৮১০০০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাবে।

প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।