পাকিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩২
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ৩১, ২০২৬
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার কোয়েটার কাছের দুর্গম সোরাঞ্জ এলাকায় অবস্থিত একটি খনিতে এ বিস্ফোরণ হয়।
ধারণা করা হচ্ছে, মিথেন গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। এখনও উদ্ধার অভিযান চলছে। তবে জীবিত কাউকে পাওয়ার আশা প্রায় শেষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) এক কর্মকর্তা আজ শুক্রবার ভোরে বলেন, “এ পর্যন্ত ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খনির ভেতরে আরও ৩টি মরদেহ শনাক্ত করা হয়েছে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পরও কর্তৃপক্ষ ও জরুরি উদ্ধারকারী দল আটকে পড়া শ্রমিকদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।”
এর আগে প্রদেশের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ জানিয়েছিলেন, বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ৩৬ শ্রমিক কাজ করছিল।
অঞ্চলটির আরেক জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বেলুচ বলেন, “শক্তিশালী বিস্ফোরণে পাশাপাশি থাকা দুটি কয়লা খনি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
উল্লেখ্য, পাকিস্তানের কয়লা খনি শিল্পে এমন দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে বেলুচিস্তানের অনেক খনিতে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা, গ্যাস পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য মৌলিক নিরাপত্তা সরঞ্জামের অভাব রয়েছে। সূত্র: আল জাজিরা























