রিফাত বিন সালামের দুটো কবিতা

প্রকাশিত : নভেম্বর ১৪, ২০১৮

আগুন জ্বালাবার অপেক্ষায় আছি

এই আলো-অন্ধকারে
শহর আর গ্রামের ঠিক মাঝখানে
যে মোটাদাগের রাস্তাটা গেছে
সেখানেই, ঠিক ওই পথেই
আমাদের অনেক কিছু হারিয়েছে
কিছু বই, লাল মলাটে বাঁধা
কিছু কবিতা তাতে ছিল লেখা
ক`জোড়া ছেঁড়াফাটা বুটজুতা
যা পরে হাজার মাইল হাঁটা
কাঁধে থাকা থলেটা, সাথে ভাতের থালা
শুকনো ফুলের মালা
বাড়ির চাবি আর কিছু পয়সা
বেশি হলে হয়তো একটা চশমা
কিছু শব্দবোমা
আর একটা দেশলাই
হাতেগোনা কয়েকটা কাঠি বাকি ছিল
ওটা দিয়েই আগুন জ্বালাবার কথা ছিল
আপাতত ওটাই ভরসা ছিল
এই হিমশীতের রাতে
তবে ‘হতাশা’র আশা নাই
আমরা পাগলের মতো আশাবাদী
আরো সহস্র রাত কাটিয়ে দিতে পারি
আবার কেউ দেশলাই আনবে
আবার কেউ আগুন জ্বালাবে

কোনো একরাতে

কোনো একরাতে যদি পুলিশের ডাকে
আমি থানামুখি হই
নিশ্চিত থাকো, ভোর ভোর বাড়ি ফিরবো
শুধু একটা কবর প্রস্তুত রেখো!  

একান্তই যদি না ফিরি আর
আমার অস্তিত্বই অস্বীকার করে রাষ্ট্র
তখন বুক ফুলিয়ে গর্ব করে বলতেই পারো
আমি তোমাদের একান্ত পরিচিত!