অমিতাভ পালের ৪ কবিতা
প্রকাশিত : জানুয়ারি ০৮, ২০১৯
দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট
প্রথম দেখায় তুমি রাজকন্যা
তারপর যতেই দিন যায়— এক সামাজিক ডাইনির
আচ্ছাদনের মধ্যে ঢুকে পড়ো তুমি
আর গভীর বনের কোনো এক মিনারের সুউচ্চ চূড়ায়
আটকে থাকে তোমার রাজকন্যার রূপ
শুরু হয় আমাদের গভীর বিচ্ছেদ
তোমার সঙ্গে রূপকথাতেই আমার দেখা হওয়া ভালো ছিল
তাহলে অন্তত রাজপুত্র হয়ে তোমার নাগালের অভিযানে
যেতে পারতাম পক্ষীরাজে চড়ে
কিন্তু আমাদের কোন সাধ কবে পূরণ হয়েছে বলো
আমি এখন আর রাজপুত্র নাই
কবে যেন বদলে গেছি একটা বন্য পশুতে
আর তুমিওতো ডাইনির হাতে খুইয়েছো তোমার রাজকন্যার রূপ
আমাদের পৃথিবীতে আমরা এখন সমান সমান
একান্নবর্তী
প্রথার বস্তার মধ্যে গাদাগাদি করে আছি আমরা
অন্ধকার গুমোট অক্সিজেনের অভাব—
কিছুই টলাতে পারছে না আমাদের
কেবল কেউ যদি বস্তার ভিতর থেকে একটু মুখ বের করতে চায়
কিংবা বস্তার গরমে কারো ভিতর থেকে যদি
ফেটে বেরিয়ে আসতে চায় একটা সবুজ অঙ্কুর
তাহলেই সর্বনাশ—
আমরা তাকে ক্ষমা করতে পারবো না কিছুতেই
তারচেয়ে বরং পচে গলে যাওয়াও অনেক ভালো
বস্তাটাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি
আমাদের পরিচয় অস্তিত্ব আর পরম্পরার
এক অবিস্মরণীয় ধারক এই বস্তাটা
আমাদের আত্মার পাট দিয়ে তৈরি
বস্তাটা প্রতিরাতে আমাদের স্বর্গের স্বপ্ন দেখায়
সংসার
একটা ছবি:
ট্যুর থেকে ফিরে ময়লা জামাকাপড় ভর্তি সুটকেসটা
ছুড়ে ফেললাম ঘরের কোনায়
এখন তুমি নামবে ওয়াশিং মেশিনের ভূমিকায়
আর আমি ওয়ার্ড্রবে তাকিয়ে দেখবো
আমার বিধ্বস্ত জামাকাপড়ের দল
ফুরফুরে মেজাজে ঘুমাচ্ছে আবার ট্যুরে যাওয়ার অপেক্ষায়
এদিকে তুমি বারান্দায় দাঁড়িয়ে বাতাসকে জানাচ্ছো
তোমার স্বামী কত পত্নিব্রত
এবার আরেকটা ছবি:
এখন তুমি বাপের বাড়ি যাবার জন্য সুটকেস গোছাচ্ছ
সুটকেসটা ভরে উঠছে ফর্সা সব খোলস আর অন্তর্বাসে
আর মুছে যাচ্ছে তোমার সব দাম্পত্য ঝগড়াঝাটি প্রেম
এবং বিষণ্ণতা সুখ
তুমি এখন কিশোরীর মতো উন্মুখ
এখন তুমি আবার কুমারী কোনো মেয়ে
এই দুইটা ছবিই ঝুলছে আমাদের শোবার ঘরের দেয়ালে
ফটোগ্রাফার ডেকে আমরা নিজেরাই তুলেছি
আমাদের যৌথজীবনের প্রমাণ রাখতে
ক্যামেরা সাক্ষী।
শীত ও ভোট
বুনো শীত ঢুকে পড়েছে আমাদের শহরে
আর আমরা বাঘের ভয়ে ভয়ার্ত গ্রামবাসীর মতো
লুকিয়ে পড়েছি যে যার শীতবস্ত্রের মধ্যে
এদিকে খালি রাস্তায় চারদিকে তাকাতে তাকাতে ঘুরে বেড়াচ্ছে
বন থেকে বেরিয়ে আসা ক্ষুধার্ত শীত
সুযোগ পেলেই সে কামড়ে ধরবে আমাদের ঘাড়
আর বাঘ বেরোনো গ্রামে বাঘের পেটে যাওয়া গ্রামবাসীর মতো
আমাদেরও কেউ কেউ শীতের পেটে যাবে
হঠাৎ ঢাকঢোল পেটানোর শব্দ পাওয়া গেল
দলে দলে মানুষ চিৎকার করতে করতে বেরিয়ে এলো রাস্তায়—
`আমাদের ভোট দিন`
আর এইসব চিৎকার হট্টগোলে শীত যে কোথায় পালিয়ে গেল—
রাজনীতি এখন সূর্যের চেয়েও গরম
এবার আমরা ভোটের পেটে যাব।























